২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহারে বহুমাত্রিক পরিকল্পনা করছে পেন্টাগন

ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিসহ একটি বিশদ ও বহুমাত্রিক পরিকল্পনা প্রণয়ন করছে পেন্টাগন। এ পরিকল্পনাকে পেন্টাগনের সবচেয়ে জরুরী কাজ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিসহ একটি বিশদ ও বহুমাত্রিক পরিকল্পনা প্রণয়ন করছে পেন্টাগন। এ পরিকল্পনাকে পেন্টাগনের সবচেয়ে জরুরী কাজ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস একথা জানান। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি নিজে সক্রিয়ভাবে ওই পরিকল্পনা প্রণয়নের কাজে জড়িত। মে মাসে এক চিঠিতে পেন্টাগনের এ ধরনের বিশদ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন হিলারি ক্লিনটন। প্রতিরক্ষমন্ত্রী গেটস বলেন,"এ পরিকল্পনা প্রণয়নের মূল ভাবনা, বিবেচ্য বিষয়াবলী, পর্যালোচনা ও এ সংক্রান্ত প্রশ্ন এবং আমদের লক্ষ্য সম্পর্কে" সিনেটরদের অবহিত করার জন্য একটি উদ্যোগ নিতে যাচ্ছেন তিনি। সিনেটরদের অবহিত করার উপায় খুঁজে বের করতে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সঙ্গে তিনি কাজ করছেন বলেও জানান গেটস। গেটস বলেন,"এটা অবহিত হয়ে আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন যে, আমার নিজের সক্রিয় অংশগ্রহণে ওই পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে এবং যুদ্ধক্ষেত্রে আমাদের কমান্ডার, উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এ কাজে সক্রিয় রয়েছেন।" এদিকে, পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেছেন, ইরাক থেকে দ্রুত কিংবা একসঙ্গে সব সেনা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে না পেন্টাগন। বরং পর্যায়ক্রমিকভাবে সেনা ফিরিয়ে আনা এবং সেখানে কিছু মাত্রায় দীর্ঘমেয়াদী সেনা অবস্থানের বুশ প্রশাসনের চিন্তার সঙ্গে সঙ্গতি রেখে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। হুইটম্যান বলেন,"সেনা কমানোর পরিকল্পনা, সেনা ফিরিয়ে আনা এটাই এখন আমাদের করার মতো কাজ।" তিনি বলেন,"আমরা ঠিক এ ধরনের কাজই করছি, সময়মতো সেনা ফিরিয়ে আনা, সময়মতো সেনা কমানো এবং ইরাক থেকে সেনা ফেরানোর কাজ শুরু করা।" বিশ্বব্যাপী রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির নানা ধরনের পরিবর্তনের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার জন্য এ ধরনের বহুমাত্রিক ও বিশদ পরিকল্পনার কথা ভাবছে বলে জানান কর্মকর্তারা। এ বছরে ইরাকে আরও ৩০,০০০ নতুন সেনা পাঠিয়ে ইরাকে নিজেদের শক্তিবৃদ্ধি করে যুক্তরাষ্ট্র। এতে ইরাকে মোট মার্কিন সেনার সংখ্যা দাঁড়ায় প্রায় ১,৫৭,০০০ জনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫০ ঘ.