ইসলামাবাদ, ২৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসলামাবাদের লাল মসজিদে রক্তক্ষয়ী সেনা অভিযানে ১০২ জন নিহত হওয়ার তিন সপ্তাহ পর মসজিদটি খুলে দেওয়া হয়েছে। তবে সংলগ্ন ছাত্রী মাদ্রাসা ভবনটি পুরোপুরি ভেঙ্গে ফেলা হচ্ছে। মসজিদের মূল ভবনও সংস্কার করা হচ্ছে।
গোলাগুলিতে বিধ্বস্ত দেয়াল মেরামত আর বুলেটের ক্ষত ঢেকে দিয়ে নতুন পলেস্তারা করা হলে লাল মসজিদটিকে আর লাল দেখা যাবে না। লাল ইটের দেয়ালের জন্য বিখ্যাত লাল মসজিদটিকে নতুন করে সাজানো হচ্ছে ঘিয়ে আর সাদা রঙে।
শুক্রবার মসজিদ চত্বরে বড় তাঁবু খাটিয়ে জুমার নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এর মধ্য দিয়েই সাধারণ মানুষের নামাজ ও প্রার্থনার জন্য মসজিদটি খুলে দেওয়া হল। তবে মসজিদ সংলগ্ন মাদ্রাসার ভবিষ্যত সম্পর্কে সরকার এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। ক্ষতিগ্রস্ত ছাত্রী মাদ্রাসা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় তা পুরোপুরি ভেঙ্গে ফেলা হচ্ছে বলে জানিয়েছে সরকার।
নতুন করে লাল মসজিদ খুলে দেওয়া সম্পর্কে পাকিস্তানের ধর্মমন্ত্রী মোহাম্মদ এজাজ উল হক বলেন, লাল মসজিদে সেনা অভিযান শুরুর আগেই সরকার বলেছিল মসজিদটি সংস্কার করা হবে। সরকার সে প্রতিশ্র"তি রক্ষা করছে।
ধর্মমন্ত্রী বলেন,"আমি ধর্মীয় নেতা ও পন্ডিতদের বলতে চাই যে এ সরকার মসজিদ ও মাদ্রাসাকে সম্মান করে।"
তিনি বলেন, "আমরা আশা করি এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আমাদের দেশে আর ঘটবে না।"
লাল মসজিদ চত্বর থেকে ভেঙে ফেলা ভবনের রাশি রাশি বর্জ্য সরাতে বড় বড় ক্রেন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে সংস্কার কাজ চলছে। তবে মসজিদ চত্বরের বিভিন্ন দেয়ালে গুলির আঘাতে খসে পড়া পলেস্তারা, এমনকি সেখানকার গাছপালায় রয়ে যাওয়া বুলেটের ক্ষতগুলোও এ মাসের শুরুর সংঘাতময় ভয়াল দিনগুলির কথা মনে করিয়ে দিচ্ছে।
লাল মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১৯৬০ এর দশকে। তৎকালীন সামরিক শাসক এবং বর্তমান ধর্মমন্ত্রীর বাবা জেনারেল জিয়া উল হকের আমলে মসজিদটি কট্টরপন্থী মুসলিমদের ঘাঁটিতে পরিণত হয়। আশির দশকে আফগানিস্তানে মার্কিন সমর্থিত সোভিয়েত বিরোধী অভিযানে যোগ দিতে সারা দুনিয়া থেকে জিহাদীরা পাকিস্তানে জড়ো হন এবং সেখান থেকে আফগাস্তিানে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৪২০ ঘ.
bdnews24