ওয়াশিংটন, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়েদার নিরাপদ ঘাঁটি বিদেশি বাহিনীর জন্য দুর্ভেদ্য। মার্কিন ও পাকিস্তানি বাহিনীর পক্ষে শিগগিরই ওই ঘাঁটি নির্মূল করা সম্ভব নয়। বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদকে এ কথা জানান।
প্রতিনিধি পরিষদের সশস্ত্র বিভাগ ও গোয়েন্দা কমিটিগুলোর এক যৌথ শুনানিতে পেন্টাগনের গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার জানান, উত্তর ওয়ারিজিস্তানে আল-কায়েদা শক্তি সঞ্চয় করছে এটা যুক্তরাষ্ট্র বসে বসে দেখতে চায় না।
তিনি বলেন, "আমি মনে করি আল কায়েদার ঘাঁটি গুড়িয়ে না দিয়ে তাদের নিষ্ক্রিয় করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবে অবশ্য এ নিরাপদ ঘাঁটিকে আল-কায়েদার জন্য আরও অনিরাপদ এবং কম আকর্ষণীয় করে ফেলতে হবে অন্য দেশে আমরা যেমনটি করেছি।"
দীর্ঘ মেয়াদী প্রকল্প হিসাবে ওই অঞ্চল থেকে আল কায়েদার প্রভাব দূর করার লক্ষ্যে ক্ল্যাপার কর্মপরিকল্পনা তুলে ধরেন। তার এই কর্মপরিকল্পনার সাফল্য নির্ভর করবে স্থানীয় জনগণকে অর্থনৈতিক সহায়তা এবং নজরদারির জন্য পাকিস্তান সেনাবাহিনীকে আরও উন্নতমানের সরঞ্জামসহ সামরিক সহযোগিতা দেওয়ার ওপর।
তিনি বলেন, " আমাদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ কাজ। আমি মনে করি ৩ বছরেও এতে তেমন উল্লেখ্যযোগ্য পরিবর্তন দেখতে পাব না।"
তিনি আরও বলেন, " কোন লক্ষ্যবস্তুতে বোমা মেরে দিলাম, এটা সে রকম কোন কাজ নয়।"
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ফ্রান্সিস টাউনসেন্ড আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়টি বাতিল করতে অস্বীকৃতি জানানোর পর প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্ল্যাপার এবং প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলেন। তারা পাকিস্তানে আল-কায়েদার উত্থান সম্পর্কে প্রতিনিধি পরিষদের সদস্যদের অবহিত করেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্র এবং ওয়াশিংটনে বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্র আল কায়েদাকে দায়ী করে।
সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির পৃথক এক শুনানিতে পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস নির্দিষ্ট পরিস্থিতিতে পাকিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একক পদক্ষেপ গ্রহণের বিষয়টি আবারও জোর দিয়ে উল্লেখ করেছেন।
তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে মিলে কাজ করাকেই যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে।
পাকিস্তানের যে সব এলাকায় আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে সে সব এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করার জন্য ৫ বছর মেয়াদে ৭৫০ মিলিয়ন ডলার সহায়তা দিতে কংগ্রেসের প্রতি বুশের আহ্বানের পক্ষে মত দেন বার্নস।
অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের সীমান্ত এলাকা থেকে শুল্কমুক্ত পণ্য আমদানির অনুমতি দিতে কংগ্রেসকে বলার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪৪৯ ঘ.
bdnews24