কাবুল, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) -- সময়সীমা পার হয়ে গেলেও আফগানিস্তানে জিম্মি দক্ষিণ কোরিয়ার ২২ নাগরিককে হত্যা করেনি তালেবান অপহরণকারীরা। বৃহস্পতিবার আফগানিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান।
বুধবার তালেবন অপহরণকারীরা ২৩ জিম্মির একজনকে হত্যা করে। ওই দিন সংকট নিরসনে নতুন সময়সীমা বেঁধে দেয় তালেবানরা। দক্ষিণ কোরিয়ার ২৩ জিম্মিকে মুক্তির শর্ত হিসেবে তারা আফগান কারাগারে আটক সহযোদ্ধাদের মুক্তি এবং সে দেশ থেকে কোরীয় সেনা প্রত্যাহারের দাবি জানায়।
দক্ষিণ কোরিয়া জিম্মি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটা অমার্জনীয় বর্বরতা। প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা বায়েক হাইউঙ জং-চুন বলেন, "দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণ নিরপরাধ নাগরিকদেরকে অপহরণ এবং একজনকে হত্যা করার নিন্দা জানায়।"
নিহত জিম্মির নাম বায়ে হাইউঙ-কিউ। তিনি খ্রিস্টান স্বেচ্ছাসেবীদের ওই দলটি নেতা ছিলেন। বুধবার যে দিন তাকে হত্যা করা হয় সে দিন তার বয়স হয়েছিলো ৪২ বছর।
গজনী প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আলী শাহ আহমদজাই বলেন, " আমি সারা রাত জেগে ছিলাম। যদি জিম্মিদের আর কাউকে হত্যা করা হতো তাহলে আমি খবর পেতাম। ওই প্রদেশেই জিম্মিদের আটক রাখা হয়েছে।
তালেবানরা জানায়, কারাগারে আটক তাদের ৮ সহযোদ্ধাকে মুক্তি দেওয়া সাপেক্ষে জিম্মি সংকট নিরসনে তারা আফগান সরকারকে বুধবার রাত পর্যন্ত সময় দিয়েছিলো।
কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও অপহরণকারীদের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি।
গজনীর পুলিশ প্রধান রয়টার্সকে বলেন, " না, তালেবানরা বাকী ২২ জিম্মির কাউকে হত্যা করেনি। আলোচনা আবার শুরু করার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
এর আগে কয়েকটি মিডিয়া খবর দেয়, ৮ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আফগান কর্মকর্তা, মধ্যস্থতাকারী এবং তালেবান মুখপাত্র ওই খবর নাকচ করে দিয়েছেন।
দক্ষিণ কোরিয়াকে অপহরণকারীদের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয় তালেবানরা।
বুধবার আরও এক জার্মান সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর বিমান হামলা হতাহতদের দেখতে পূর্বাঞ্চলীয় কানুর প্রদেশের একটি গ্রামে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ জানান, জিম্মিদের নিয়ে চলমান আলোচনায় তারা ধৈর্য হারাচ্ছেন।
অজ্ঞাত স্থান থেকে ইউসুফ টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা কোরিয়ার কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে কাবুল তালেবান বন্দিদের একসঙ্গে মুক্তি দেবে এবং একইসঙ্গে আমরা জিম্মিদের ছেড়ে দেব।"
তিনি বলেন, আমরা তাদের ৮ জন তালেবান সদস্যের নাম দিয়েছি। গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় তাদের মুক্তি দেওয়ার কথা। কিন্তু তারা মুক্তি পায়নি।"
"কোরীয়দের উচিত কাবুলকে এ ব্যাপারে চাপ দেওয়া। কারণ যে কোন সময় জিম্মিদের কিছু একটা হয়ে যেতে পারে। আজ (বুধবার) স্থানীয় সময় দুপুর ২টায় যদি তালেবানদের মুক্তি না হয় তাহলে জিম্মিদের কয়েকজনকে হত্যা করা হবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।"
আফগান তালেবানরা দক্ষিণ কোরিয়ার ২৩ স্বেচ্ছাসেবককে বৃহস্পতিবার কান্দাহার থেকে কাবুলে যাওয়ার পথে গজনী থেকে অপহরণ করে।
দক্ষিণ কোরিয়ীয় জিম্মিদের মধ্যে নার্স এবং ইংরেজির শিক্ষকসহ ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক ছিলেন। এরা সবাই সিউলের দক্ষিণে বাংডং শহরের 'সায়েমমুল চার্চের' কর্মী।
এর আগে তালেবানরা দুই জার্মান প্রকৌশলীকে অপহরণ করে। পরে তাদের একজনের মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪০৩ ঘ.
bdnews24