ওয়াশিংটন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সন্ত্রাসীরা হামলার মহড়া চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখতে সন্ত্রাসীরা প্রকৃত হামলার আগে এই মহড়া চালাতে পারে বলে প্রশাসন ধারণা করছে।
গত বছর ৪ টি ঘটনায় মার্কিন নিরাপত্তা কর্মীরা কয়েকটি লাগেজে ঘরে তৈরি বোমা সদৃশ বেশ কিছু জিনিস পেয়েছিল। টিএসএ-এর ২০ জুলাইয়ের মেমোতে একথা বলা আছে।
ওই মেমোতে আরও বলা হয়, "অতীতে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী হামলা এবং এর পরিকল্পনাগুলো খতিয়ে দেখে এটি স্পষ্ট যে, সন্ত্রাসীদের এ ধরনের পরীক্ষা আসন্ন হামলার ইঙ্গিত বহন করে।" মঙ্গলবার এনবিসি নিউজ ইন্টারনেটে এই মেমো ছেড়েছে।
মোমোতে বলা হয়েছে, বিমানের কোনো যাত্রীর বিরুদ্ধেই এ পর্যন্ত অপরাধী বা সন্ত্রাসীদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।
এ বছর সন্ত্রাসী হামলার আশঙ্কায় টিএসএ এ পর্যন্ত ৯০ বার সতর্কবাণী দিয়েছে। এটি তার মধ্যে সর্বশেষ সতর্কবাণী। সতর্কবাণীতে সন্ত্রাসী হামলা কখন হতে পারে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে টিএসএ বলেছে, আমরা নিয়মিত আমাদের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা ও প্রশিক্ষণ তথ্য সরবরাহ করে থাকি। এটাও একধরনের তথ্য বিনিময়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/
bdnews24