২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে বিক্ষোভ

প্রথম মার্কিন নগর হিসেবে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের নিউ হ্যাভেন নগর কর্তৃপক্ষ সেখানকার অবৈধ অভিবাসীদের 'পরিচয়পত্র' দিয়েছে মঙ্গলবার। নগরবাসীদের জন্য নতুন 'পরিচয়পত্র' চালু করতে যেয়ে নাগরিক ও বৈধ অভিবাসীদের পাশাপাশি অবৈধ অভিবাসীদেরও এ পরিচয়পত্র দেওয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে সেখানে। নিউ হ্যাভেন মেয়রের এ উদ্যোগের প্রতিবাদে সেখানে বিক্ষোভ করেছে স্থানীয় নাগরিক ফোরাম। তবে নগর কর্তৃপক্ষ বলেছে, এটা কোনো 'স্থায়ী অভিবাসন সনদপত্র' কিংবা বসবাসের অনুমতিপত্র নয় বরং কাউকে চিহ্ণিত করার একটি সাধারণ 'পরিচয়পত্র' মাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

নিউ হ্যাভেন, কানেকটিকাট, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রথম মার্কিন নগর হিসেবে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের নিউ হ্যাভেন নগর কর্তৃপক্ষ সেখানকার অবৈধ অভিবাসীদের 'পরিচয়পত্র' দিয়েছে মঙ্গলবার। নগরবাসীদের জন্য নতুন 'পরিচয়পত্র' চালু করতে যেয়ে নাগরিক ও বৈধ অভিবাসীদের পাশাপাশি অবৈধ অভিবাসীদেরও এ পরিচয়পত্র দেওয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে সেখানে। নিউ হ্যাভেন মেয়রের এ উদ্যোগের প্রতিবাদে সেখানে বিক্ষোভ করেছে স্থানীয় নাগরিক ফোরাম। তবে নগর কর্তৃপক্ষ বলেছে, এটা কোনো 'স্থায়ী অভিবাসন সনদপত্র' কিংবা বসবাসের অনুমতিপত্র নয় বরং কাউকে চিহ্ণিত করার একটি সাধারণ 'পরিচয়পত্র' মাত্র। নিউ হ্যাভেনের ১০ থেকে ১৫ হাজার অবৈধ অভিবাসীর সবাইকেই এ পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সেখানকার মোট ১,২৪,০০০ বাসিন্দার সবাইকে নতুন পরিচয়পত্র দেওয়ার এ প্রকল্পের এ কাজ শুরু হয় মঙ্গলবার। এ পরিচয়পত্র দেখিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন এবং পার্ক, পাঠাগারসহ অন্যান্য জায়গায় চাকরির সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। নিউ হ্যাভেনের দুটি ব্যাংক ইতিমধ্যেই এ পরিচয়পত্রের ভিত্তিতে ব্যাংক একাউন্ট খুলতে দিতে রাজি হওয়ার কথা জানিয়েছে। নিউ হ্যাভেন মেয়র জন ডিস্টিফানো এবং তার সমর্থকরা বলছেন, এ উদ্যোগের ফলে অপরাধ প্রবণতা কমবে এবং একটি শক্তিশালী স্থানীয় নাগরিক সমাজ গড়ে উঠবে। এতে করে আইনপ্রয়োগকারী সংস্থার কাজকর্ম সহজ হবে এবং নিরাপদ সমাজ তৈরী হবে। মেয়র বলেন,"আমরা যদি সবচেয়ে নিরাপদ স্থান হতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে যারা বসবাস করে তাদের গণ্য করতে হবে।" তিনি বলেন তিনি মনে করেন না যে একটা প্লাস্টিক কার্ডের (পরিচয়পত্র) জন্য এখানে অবৈধ অভিবাসীদের বন্যা বয়ে যাবে। ডিস্টিফানো বলেন নিউ হ্যাভেন এমন একটা কিছু করছে যে বিষয়টির সুরাহা করতে রাজি হয়নি সরকার। তিনি বলেন,"একটি সামঞ্জস্যপূর্ণ অভিবাসন আইন এবং সীমান্ত নিরাপত্তা কর্মসূচি পাস করার ইচ্ছা নেই তাদের।" কিন্তু সাউদার্ন কানেকটিকাট সিটিজেনস ফর ইমিগ্রেশন রিফর্ম এর নেতৃবৃন্দ বলেছেন এ ধরনের পরিচয়পত্র দেওয়ার কোনো অধিকার মেয়রের নেই এবং এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করেছেন মেয়র। এ প্রকল্প বন্ধ করতে আদালতের যাওয়ার কথাও জানান তারা। সমালোচকরা আরও বলছেন যে এ ধরনের সুযোগ দেওয়ার ফলে সেখানে অবৈধ অভিবাসীদের ঢল নামবে এবং চাকরির বাজার অস্থিতিশীল হয়ে পড়াসহ নিম্মবিত্ত ও মধ্যবিত্তদের জীবন দুর্বিসহ হয়ে উঠবে। কংগ্রেসে তুমুল বিতর্কের সৃষ্টি করে প্রেসিডেন্ট জর্জ বুশের অভিবাসন আইন সংস্কার প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ৯০ টিরও বেশী নগর ও রাজ্যে অভিবাসীদের জন্য কড়াকড়ি আরোপ করে নতুন নতুন আইন পাস করা হয়। এসব আইনের মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের কাছে বাড়ি ভাড়া না দেওয়াসহ কোনো অবৈধ অভিবাসীকে চাকরি দিলে চাকরিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী সিদ্ধান্ত নিয়ে এ পরিচয়পত্র দেওয়ার প্রকল্প চালু করেন নিউ হ্যাভেন মেয়র। মঙ্গলবার নিউ হ্যাভেন সিটি হলে জড়ো হয়ে এ নতুন পরিচয়পত্র নিতে আসেন প্রায় আড়াইশ মানুষ। এদের মধ্যে স্থানীয় নাগরিকসহ বৈধ ও অবৈধ অভিবাসীরাও ছিলেন। হলের ভেতরে প্রায় শ'খানেক মানুষকে লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র কিংবা আবেদন ফরম নিতে দেখা যায়। মরভিন নামে হন্ডুরাসের এক অভিবাসী বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি এবং আমাদের অবশ্যই প্রয়োজনের সময় দেখানোর জন্য একটা কিছু দরকার যে আমরা খারাপ মানুষ নই।" ১৫ বছর ধরে নিউ হ্যাভেনে বসবাসরত মরভিন আরও বলেন "আমাদের রেকর্ড রাখার জন্য এবং আমরা যে কোনোকিছু থেকে পালিয়ে বেড়াচ্ছি না তা দেখানোর জন্যই আমাদের একটা কিছু দরকার।" এদিকে সিটিহলে মেয়রের প্রবেশের সময় মঙ্গলবার সেখানে বিক্ষোভ করে সাউদার্ন কানেকটিকাট সিটিজেনস ফর ইমিগ্রেশন রিফর্ম এর ২৫/৩০ জন কর্মী সমর্থক। মেয়রকে ইঙ্গিত করে "একে গ্রেপ্তার কর ! একে গ্রেপ্তার কর!" বলে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। কানেকটিকাটের এটর্নি অফিসে একটি অভিযোগপত্র দাখিল করে এ প্রকল্প বন্ধ করার বিসয়ে আশাবাদ জানান ওই গ্র"পটির নেতারা। মেয়র আইনভঙ্গ করেছেন বলে জানিয়ে ওই গ্র"পের ডাসটিন গোল্ড বলেন,"জনগণের করের টাকায় পালিত রাষ্ট্রীয় কর্মকর্তারা বিষয়টির সুরাহা না করার কারণে একজন মিউিনিসিপাল রাজনীতিবিদ আইনভঙ্গের এ অধিকার পেতে পারেন না। মেয়রকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/২১৩০ ঘ.