২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৯ সালেও ইরাকে থাকবে মার্কিন সেনা

২০০৯ সালেও ইরাকে থাকার পরিকল্পনা করেছেন ঊর্ধ্বতন মার্কিন কমান্ডাররা। ওই বছর স্থিতিশীল নিরাপত্তা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে ইরাকজুড়ে সেনা অভিযানের নতুন পরিকল্পনা করছেন তারা। ইরাকে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের এ পরিকল্পনা সম্পর্কে পেন্টাগনের মুখপাত্র মঙ্গলবার একথা জানান। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এরকম একটি প্রতিবেদন আগেই প্রকাশ করলেও ইরাক থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে যুদ্ধনীতি পরিবর্তনে ডেমোক্রেটদের চাপের মুখে এখন বিষয়টি জনসমক্ষে এল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ওয়াশিংটন, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৯ সালেও ইরাকে থাকার পরিকল্পনা করেছেন ঊর্ধ্বতন মার্কিন কমান্ডাররা। ওই বছর স্থিতিশীল নিরাপত্তা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে ইরাকজুড়ে সেনা অভিযানের নতুন পরিকল্পনা করছেন তারা। ইরাকে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের এ পরিকল্পনা সম্পর্কে পেন্টাগনের মুখপাত্র মঙ্গলবার একথা জানান। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এরকম একটি প্রতিবেদন আগেই প্রকাশ করলেও ইরাক থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে যুদ্ধনীতি পরিবর্তনে ডেমোক্রেটদের চাপের মুখে এখন বিষয়টি জনসমক্ষে এল। জেনারেল পেত্রাউসের সহকারি কর্মকর্তারা ওই পরিকল্পনার খসড়া প্রণয়নের কাজ করেছেন এবং এতে ধারাবাহিকভাবে অনেকগুলো নিরাপত্তা লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়ছে। আর সবচেয়ে যা গুরুত্বপূর্ণ তা হল ২০০৯ সালের গ্রীষ্মকাল পর্যন্ত ইরাকের যুদ্ধক্ষেত্রে সেনা অবস্থানের বিষয়টি নিশ্চিত ধরে নিয়েই এ পরিকল্পনা করা হয়েছে। ইরাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জনের জন্য স্থানীয় রাজনীতিবিদদের সর্বোচ্চ ভুমিকা রাখার সুযোগ করে দিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের জন্য আরও সময় প্রয়োজন বলে বরাবরই বলে আসছে ওয়াশিংটন। কিন্তু পেত্রাউসের পরিকল্পনা অনুযায়ী, ধারাবাহিকভাবে নিরাপত্তা লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য পেতে হলে যে গতিতে এগানো দরকার তার তুলনায় বর্তমানে ইরাকের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তার অবস্থা খুবই নাজুক। এদিকে, পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেছেন, ইরাকে মার্কিন সেনা অবস্থান আরও কতোদিন দীর্ঘ হবে তা সেপ্টেম্বরে জেনারেল পেত্রাউসের মূল্যায়ন প্রতিবেদনের আগে চূড়ান্ত হচ্ছে না। হুইটম্যান বলেন,"এর একটি সময়সীমা আছে, পরিস্থিতি মূল্যায়নের সময়সীমা। আপনারা জানেন, সেপ্টেম্বরে আমরা পুরো পরিস্থিতির একটা মূল্যায়ন দাখিল করছি।" তিনি বলেন, "ওই মূল্যায়ন এবং কমান্ডারদের সুপারিশের ওপর ভিত্তি করে এবং সর্বোপরি প্রতিরক্ষামন্ত্রীর ওপর নির্ভর করেই ভবিষ্যতের সিদ্ধান্ত ও নির্দেশনা ঠিক করা হবে।" তবে বাগদাদে পেত্রাউসের মুখপাত্র কর্নেল স্টিভেন বোইলান সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা থাকা কিংবা কমান্ডারের সহকারীদের এমন কোনো নিরাপত্তা পরিকল্পনা করার বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইরাক বিষয়ে রাজনীতিবিদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে মঙ্গলবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসিসহ 'আর্মড সার্ভিসেস' এবং 'ফরেন অ্যাফেয়ার্স কমিটি' এর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু পেন্টাগনের প্রেস সচিব জিওফ মোরেল বলেছেন তিনি জানেন না যে আইনপ্রণেতারা জেনারেল পেত্রাউসের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন কি না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩৫ ঘ.