২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানদের নতুন সময়সীমা, ১ জিম্মি হত্যা

আফগানিস্তানে জিম্মি সংকট নিরসনে বুধবার নতুন সময়সীমা বেঁধে দিয়েছে তালেবানরা। পাশাপাশি ২৩ দক্ষিণ কোরীয় জিম্মির একজনকে হত্যাও করেছে তারা। কোরীয় জিম্মিদের মুক্তির শর্ত হিসেবে তারা আফগান কারাগারে আটক কয়েকজন সহযোদ্ধার মুক্তি এবং সে দেশ থেকে কোরীয় সেনা প্রত্যাহারের দাবি জানায়। এ দাবি পূরণ না হলে তারা সব জিম্মিকেই হত্যার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

কাবুল, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - আফগানিস্তানে জিম্মি সংকট নিরসনে বুধবার নতুন সময়সীমা বেঁধে দিয়েছে তালেবানরা। পাশাপাশি ২৩ দক্ষিণ কোরীয় জিম্মির একজনকে হত্যাও করেছে তারা। কোরীয় জিম্মিদের মুক্তির শর্ত হিসেবে তারা আফগান কারাগারে আটক কয়েকজন সহযোদ্ধার মুক্তি এবং সে দেশ থেকে কোরীয় সেনা প্রত্যাহারের দাবি জানায়। এ দাবি পূরণ না হলে তারা সব জিম্মিকেই হত্যার হুমকি দিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়াকে অপহরণকারীদের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয় তালেবানরা। বুধবার আরও এক জার্মান সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর বিমান হামলা হতাহতদের দেখতে পূর্বাঞ্চলীয় কানুর প্রদেশের একটি গ্রামে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ জানান, জিম্মিদের নিয়ে চলমান আলোচনায় তারা ধৈর্য্য হারাচ্ছেন। অজ্ঞাতস্থান থেকে ফোনে রয়টার্সকে ইউসুফ জানান, কাবুল প্রশাসন আমাদের দাবি মেনে নিয়ে বন্দিদের মুক্ত না করায় একজন কোরীয় জিম্মিকে মেরে ফেলা হয়েছে। অজ্ঞাত স্থান থেকে ইউসুফ টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা কোরিয়ার কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে কাবুল তালেবান বন্দিদের একসঙ্গে মুক্তি দেবে এবং একইসঙ্গে আমরা জিম্মিদের ছেড়ে দেব।" তিনি বলেন, আমরা তাদের ৮ জন তালেবান সদস্যের নাম দিয়েছি। গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় তাদের মুক্তি দেওয়ার কথা। কিন্তু তারা মুক্তি পায়নি।" "কোরীয়দের উচিত কাবুলকে এ ব্যাপারে চাপ দেওয়া। কারণ যে কোন সময় জিম্মিদের কিছু একটা হয়ে যেতে পারে। আজ (বুধবার) স্থানীয় সময় দুপুর ২টায় যদি তালেবানদের মুক্তি না হয় তাহলে জিম্মিদের কয়েকজনকে হত্যা করা হবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।" আফগান তালেবানরা দক্ষিণ কোরিয়ার ২৩ স্বেচ্ছাসেবককে বৃহস্পতিবার কান্দাহার থেকে কাবুলে যাওয়ার পথে গজনী থেকে অপহরণ করে। মঙ্গলবার তালেবান মুখপাত্র ইউসূফ জানান, আফগান সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমাধান হচ্ছে না। তাই দক্ষিণ কোরিয়াকে ২০০ সেনা প্রত্যাহারের জন্য ওই দিন স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে দাবি না মানলে জিম্মিদের একে একে হত্যা করা শুরু হবে। ইউসূফ আরও জানান, অপহৃত দুই জার্মান প্রকৌশলীর একজন এখনও জীবিত আছেন। আরও চার আফগানের সঙ্গে তাকে জিম্মি অবস্থায় রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ীয় জিম্মিদের মধ্যে নার্স এবং ইংরেজির শিক্ষকসহ ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক ছিলেন। এরা সবাই সিউলের দক্ষিণে বাংডং শহরের 'সায়েমমুল চার্চের' কর্মী। নিখোঁজ জার্মান সাংবাদিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে আফগান কর্মকর্তারা। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। তবে তালেবান মুখপাত্র জানান, এ সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই। কানুর প্রদেশের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানান, জার্মান সাংবাদিক প্রদেশের বাত্তাপুর এলাকার সানগর গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হন। এর আগে তালেবানরা দুই জার্মান প্রকৌশলীকে অপহরণ করে। পরে তাদের একজনের মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮০৩ ঘ.