২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রশ্নে নতুন প্রস্তাব ইসরায়েলের

গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নব্বই ভাগ অঞ্চল নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের 'নীতিগত সমঝোতার' প্রস্তাব দিয়ে ফিলিস্তিনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চায় ইসরায়েল। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বুধবার একথা জানায়। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে পশ্চিমা ও আরব নেতাদের নতুন তৎপরতা এবং বিশেষত 'চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য জোটের' নবনিযুক্ত দূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ওই অঞ্চল সফরের পরপরই এ ধরনের পদক্ষেপের কথা শোনা গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জেরুজালেম, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নব্বই ভাগ অঞ্চল নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের 'নীতিগত সমঝোতার' প্রস্তাব দিয়ে ফিলিস্তিনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চায় ইসরায়েল। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বুধবার একথা জানায়। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে পশ্চিমা ও আরব নেতাদের নতুন তৎপরতা এবং বিশেষত 'চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য জোটের' নবনিযুক্ত দূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ওই অঞ্চল সফরের পরপরই এ ধরনের পদক্ষেপের কথা শোনা গেল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট এর সঙ্গে বৈঠকের পর ব্লেয়ার মন্তব্য করেন, 'মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা বিরাজ করছে'। এরপরপরই উপসাগরীয় আরব নেতাদের সঙ্গে আলোচনা করতে বুধবার সেখানে রওনা দেন ব্লেয়ার। এদিকে আরব লীগের শান্তি প্রস্তাব নিয়ে একইদিনে ইসরায়েলে পৌঁছেছেন জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল - ফিলিস্তিন সংকট নিরসনে এমন বহুপাক্ষিক তৎপরতার মধ্যেই বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করে হারেৎজ। পত্রিকাটি জানায়, পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রথম পর্যায়ে ফিলিস্তিনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করলেও পরবর্তীতে সীমান্ত নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করতে চান প্রধানমন্ত্রী ওলমার্ট। অবশ্য এর আগে এ সপ্তাহের শুরুতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন ফিলিস্তিনি রাষ্ট্র ও সীমান্ত ইসুতে আলোচনার সম্ভাবনা থাকলেও বিস্তারিত ও চূড়ান্ত আলোচনার সময় এখনও আসেনি। পত্রিকাটি জানায়, 'নীতিগত সমঝোতার' ভিত্তিতে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের ৯০ শতাংশ জমি নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে পারে দুপক্ষ। বর্তমান প্রস্তাবে কাছাকাছি এস্ট শান্তি প্রস্তাব নিয়ে উভয়পক্ষ ২০০১ সালের দিকে আলোচনা শুরু করলেও সহিংসতার কারণে তখন তা ভেস্তে গিয়েছিল। পত্রিকাটি আরও জানায় যে, পশ্চিম তীরের সঙ্গে উপকূলীয় গাজাকে একটি 'টানেলের' মাধ্যমে সংযুক্ত করা এবং অঞ্চলিক ভূমি বিনিময়ের মধ্য দিয়ে ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা ভূমির ইহুদি বসতিতে তাদের যাতায়াতের ব্যবস্থা রাখারও প্রস্তাব দেবে দেশটি। গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর হামাস সরকারকে বিলুপ্ত ঘোষণা করে নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পর থেকেই প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে নতুন দায়িত্ব নিয়ে মধ্যপ্রাচ্য দূত ব্লেয়ার বলেছেন, জেরুজালেম ও পশ্চিম তীরে তার এ দুদিনের সফর ছিল "শোনা, জানা ও তা প্রতিফলনের সফর"। তবে এ সেপ্টেম্বরেই তিনি আবার ফিরে আসবেন এবং তখন আরও বিস্তারিত আলোচনার প্রস্তুতি থাকবে তার। ব্লেয়ার বলেন,"আমি মনে করি এ মুহূর্তে একটি সম্ভাবনা বিরাজ করছে। আমি একে একটি সুযোগের সময় বলে মনে করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২৫ ঘ.