২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া বিদেশি চিকিৎসকদের মুক্ত করার সুফল পাবে: যুক্তরাষ্ট্র

লিবিয়া শিশুদেহে এইডস্ সংক্রমণের অভিযোগে আটক বুলগেরিয়ার ৫ নার্স এবং ফিলিস্তিনের একজন চিকিৎসককে মুক্তি দেওয়ার পর যুক্তরাষ্ট্র মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এর সুফল পাবে লিবিয়া। এ ঘটনার বদৌলতে লিবিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক উন্নত হবে। অবসান ঘটবে 'বেদনাদায়ক অধ্যায়ের'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

সোফিয়া, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লিবিয়া শিশুদেহে এইডস্ সংক্রমণের অভিযোগে আটক বুলগেরিয়ার ৫ নার্স এবং ফিলিস্তিনের একজন চিকিৎসককে মুক্তি দেওয়ার পর যুক্তরাষ্ট্র মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এর সুফল পাবে লিবিয়া। এ ঘটনার বদৌলতে লিবিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক উন্নত হবে। অবসান ঘটবে 'বেদনাদায়ক অধ্যায়ের'। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তির ফলে মুক্তি পাওয়া ৬ চিকিৎসক মঙ্গলবার বুলগেরিয়ায় ফিরে গেছেন। এর পরপরই মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র সিয়ান ম্যাকরম্যাক সাংবাদিকদের বলেন, "লিবিয়ার এ পদক্ষেপ খুবই ইতিবাচক। এই মানুষগুলো যে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারল এতেই আমরা যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি সন্তুষ্ট। কারণ, এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের জন্যই এক বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটেছে।" ম্যাককরম্যাক আরও বলেন, " এ ঘটনা অবশ্যই বাদবাকী বিশ্বের চেয়ে লিবিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্পর্কে পরিবর্তন এনে দেবে। আর এতে করে বিশ্বে অন্যান্য দেশগুলোর সঙ্গেও লিবিয়ার সম্পর্কের ক্ষেত্রে বাধা দূর হল।" মুক্তিপ্রাপ্তরা ফ্রান্সের একটি বিমানে করে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছার পর প্রেসিডেন্ট গিওর্গি পারভানভ ৬ জনকে ক্ষমা করে দেন। লিবিয়া দীর্ঘ আট বছর পর তাদের মুক্তি দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় আরেকটি বাধা অতিক্রম করলো। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ইতিমধ্যে লিবিয়া সফরের ঘোষণা দিয়েছেন। ইইউ লিবিয়ার সিদ্ধান্তকে মানবিক অভিহিত করে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার ইইউর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনার ফেরেরো লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন। সোফিয়া বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, লিবিয়ার এ সিদ্ধান্ত দেশটির সঙ্গে ইইউর নতুন এবং জোরালো সম্পর্ক স্থাপনের পথ খুলে দিলো। এছাড়া ভূ-মধ্যসাগরীয় অঞ্চল ও পুরো আফ্রিকার সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করবে। ৬ চিকিৎসক সোফিয়ায় বিমানবন্দরে পৌঁছালে অপেক্ষমান আত্মীয়-স্বজন তাদের বুকে জড়িয়ে ধরেন। দীর্ঘ দিন পর স্বজনদের কাছে ফিরতে পারে তারা আনন্দে কেঁদে ফেলেন। একইভাবে স্বজনরাও তাদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন। দেশে ফিরে আসতে পেরে আনন্দিত ৫৪ বছরের নাস সেঝানা দিমিত্রোভার প্রতিক্রিয়া হলো, "আমি জানিনা কি বলতে হবে। এটুকু জানি, এ মুহূর্তে আমি বেঁচে আছি। সমঝোতা আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একজন লিবীয় জানান, চিকিৎসা সহায়তা ও রাজনৈতিক সম্পর্ক স্থাপনে ইইউর সঙ্গে একটি চুক্তির আওতায় ওই ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। আলজেরিয়া থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে ওই লিবীয় বলেন, "লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তা এবং শিশুদের চিকিৎসার ভার গ্রহণের ব্যাপারে সমঝোতা হয়েছে। রাজনৈতিক বিষয়েও দুপক্ষ সমঝোতায় পৌঁছেছে।" ইইউর বৈদেশিক সম্পর্ক বিষক কমিশনার ফেরেরো ওয়াল্ডনার এবং ফ্রান্সের ফার্স্ট লেডি সেসিলা সারকোজি সোফিয়ায় ফেরার সময় ৬ চিকিৎসকের সঙ্গে ছিলেন। ৬ জনের মুক্তি বিষয়ে সমঝোতার জন্য তারা দুজন ত্রিপোলি যান। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির প্রধান সহকারী ক্লদে গুঁয়ে জানান, ৬ চিকিৎসকের মুক্তির ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অনিশ্চিত ছিলেন। গুঁয়ে সেসিলিয়া সারকোজির সঙ্গে সফর করছিলেন। সোফিয়া বিমানবন্দর থেকে তিনি ফ্রান্সের এলসিআই টেলিভিশনকে বলেন, "সকাল ৬টায় তারা ত্রিপোলি বিমানবন্দরে আসার পরও আমাদের সন্দেহ ছিলো। একেবারে শেষ মুহূর্ত পর্যন্তই আমাদের সন্দেহ ছিলো যে তারা আসলে মুক্তি পেয়েছে।" জোরালো কূটনৈতিক আলোচনা এবং সংক্রমিত ৪৬০ শিশুর পরিবারকে কয়েক লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার পর লিবিয়ার আদালত গত সপ্তাহে অভিযুক্তদের মৃতুদণ্ডের সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর ফলে ১৯৮৪ সালের বন্দি বিনিময় চুক্তির আওতায় তারা দেশে ফেরার পথ সহজ হয়। বেনগাজির একটি শিশু হাসপাতালে এইচআইভি সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অপরাধে অভিযুক্ত করার পর গত বছর ওই ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় সেদেশের আদালত। অভিযুক্তরা বলেছেন, তাদেরকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তারা নিরাপরাধ। বিদেশি এইচআইভি বিশেষজ্ঞরা জানান, অভিযুক্ত ৫ নার্স এবং চিকিৎসক হাসপাতালে যোগ দেওয়ার আগেই এইচআইভি সংক্রমণ ঘটে। এর কারণ সম্ভবত হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ। বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, গভীর রাতে লিবিয়ার সঙ্গে ইইউ ও ফ্রান্সের কর্মকর্তাদের সফল আলোচনার ফলেই মঙ্গলবার তাদের হস্তান্তর সম্ভব হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১৫৮ঘ.