২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরীয় জিম্মি মুক্তি নিয়ে আশাবাদী আফগান সরকার

বলপ্রয়োগ নয় শান্তিপূর্ণভাবে দক্ষিণ কোরীয় জিম্মিদের মুক্ত করার বিষয়ে আশাবাদী আফগান সরকার। তালেবান অপহরণকারীদের ওপর বল প্রয়োগ করা হবে না জানিয়ে গজনী প্রদেশের গভর্নর মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন মঙ্গলবারের মধ্যেই বড় ধরনের অগ্রগতি হতে পারে দক্ষিণ কোরীয় জিম্মি মুক্তির প্রচেষ্টায়। এদিকে এর আগে দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্চাসেবক জিম্মির মুক্তি নিয়ে সে দেশের সরকারকে অপহরণকারীদের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য দ্বিতীয় দফায় ২৪ ঘন্টা সময় বেঁধে দেয় তালেবানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

কাবুল, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বলপ্রয়োগ নয় শান্তিপূর্ণভাবে দক্ষিণ কোরীয় জিম্মিদের মুক্ত করার বিষয়ে আশাবাদী আফগান সরকার। তালেবান অপহরণকারীদের ওপর বল প্রয়োগ করা হবে না জানিয়ে গজনী প্রদেশের গভর্নর মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন মঙ্গলবারের মধ্যেই বড় ধরনের অগ্রগতি হতে পারে দক্ষিণ কোরীয় জিম্মি মুক্তির প্রচেষ্টায়। এদিকে এর আগে দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্চাসেবক জিম্মির মুক্তি নিয়ে সে দেশের সরকারকে অপহরণকারীদের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য দ্বিতীয় দফায় ২৪ ঘন্টা সময় বেঁধে দেয় তালেবানরা। গজনী প্রদেশের গভর্নর মিরাজুদ্দিন মঙ্গলবার পাঠান রয়টার্সকে বলেন,"আমরা আশাবাদী যে আলোচনার মাধ্যমেই এ ইস্যুটির সমাধান হতে পারে আজকেই। তবে কোনো অবস্থাতেই সামরিক বলপ্রয়োগ করা হবে না।" এদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ও অগ্রগতির কথা জানিয়েছে। মুখপাত্র সুলতান আহমেদ বাহিন বলেছেন," অগ্রগতি হয়েছে, তবে আমি আপনাদের তা বিস্তারিতভাবে বলতে পারবো না। কেননা এর ওপর জিম্মিদের জীবন নির্ভর করছে এবং বিষয়টির সঙ্গে বাকী বিশ্ব ও আমাদের সম্পর্ক জড়িত।" এর আগে সোমবার এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জানান, সরাসরি আলোচনার সুযোগ দিতে এবং আফগানিস্তান থেকে দ. কোরিয়ার সেনা প্রকৌশলী ও চিকিৎসকদের প্রত্যাহারে মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও ২৪ ঘন্টা সময়সীমা বাড়িয়ে দিয়েছে তালেবানরা। আফগান তালেবানরা দক্ষিণ কোরিয়া ২৩ স্বেচ্ছাসেবককে বৃহস্পতিবার কান্দাহার থেকে কাবুলে যাওয়ার পথে গজনী থেকে অপহরণ করে। তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে তালেবানরা আফগানিস্তান থেকে দ. কোরিয়া সেনা প্রত্যাহারের শর্ত দেয়। তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসূফ জানান, আফগান সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমাধান হচ্ছে না। তাই দক্ষিণ কোরিয়া ২০০ সেনা প্রত্যাহারের জন্য স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে দাবি না মানলে জিম্মিদের একে একে হত্যা করা শুরু হবে। এ নিয়ে দ্বিতীয়দফায় ২৪ ঘন্টা করে সময়সীশা বাড়ালো তালেবানরা। ইউসূফ আরও জানান, অপহৃত দুই জার্মান প্রকৌশলীর একজন এখনও জীবিত আছেন। আরও চার আফগানের সঙ্গে তাকে জিম্মি অবস্থায় রাখা হয়েছে। এর আগে এই তালেবান মুখপাত্রই জানিয়েছিলেন, র্জামান জিম্মিদের দুজনকেই হত্যা করেছে তালেবানরা। তিনি বলেন, সরকারি সেনারা তাদের প্রায় ঘিরে ফেলার কারণে ওই জিম্মকে মেরে ফেলা হচ্ছে বলে তাকে জানানো হয়েছিল। কিন্তু পরে অপহরণকারীরা ওই স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে তার সঙ্গে তালেবানদের সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তিনি ওই জার্মান জিম্মির বেঁচে থাকার কথা আগে জানতে পারেননি। গত কয়েকদিন ধরে আফগানিস্তানে বিদেশী নাগরিকদের অপহরণ এবং তাদের জিম্মি বানানো ও হত্যা করা নিয়ে ব্যপক উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। কিন্তু জার্মানি ও দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে অপহরণকারী তালেবানদের সঙ্গে আলোচনা কিংবা তাদের দাবি মেনে নিয়ে সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রোববার বলেন, অপহরণকারীদের কাছে মাথা নত করবে না জার্মানি। তালেবান মুখপাত্র এবং আফগান সরকারের মধ্যস্থতাকারীরা সোমবার বিকালে জানান, ২৩ কোরীয় জিম্মির সবাই সুস্থ্য আছেন। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তার উদ্ধৃিত দিয়ে ইয়নহ্যাপ বার্তা সংস্থা জানায়, " অনেকগুলো মাধ্যমকে কাজে লাগিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।" কাবুলে দক্ষিণ কোরীয় দূতাবাসের এক কর্মকর্তা জানান, "দূতাবাসের কূটনীতিকরা গজনী প্রদেশের স্থানীয় গোষ্ঠীপতিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে জিম্মিদের মুক্ত করে সংকট নিরসনের চেষ্টা করছেন।" সন্দেহভাজন ৭০ জন অপহরণকারীর ওই দলটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে আফগান সেনারা। দক্ষিণ কোরীয় জিম্মিদের মধ্যে নার্স এবং ইংরেজির শিক্ষকসহ ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক ছিলেন। এরা সবাই সিউলের দক্ষিণে বাংডং শহরের 'সায়েমমুল চার্চের' কর্মী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/ এমএসবি/১৪৫৫ ঘ.