ওয়াশিংটন, জুলাই ২৪, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন শান্তিকর্মী এবং ইরাক যুদ্ধবিরোধী সিন্ডি শিহান ও ৪৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ক্যাপিটল হিল পুলিশ।
সোমবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির অভিসংশন (ইমপিচমেন্ট) দাবি করে ক্যাপিটল হিলে একজন আইন প্রণেতার কার্যালয় এবং সংলগ্ন প্রবেশ পথ থেকে সরে যেতে অস্বীকার করায় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার আগে তিনি আগামী বছর কংগ্রেস নির্বাচনে প্রার্থী হওয়ার কথা আবারও ঘোষণা করেন। এর আগেও নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেট সদস্য জন কনেয়ার্সের কার্যালয় এবং প্রবেশপথ ছেড়ে চলে যাওয়ার জন্য পুলিশ বার বার আহ্বান জানায়। কিন্তু সিন্ডি শিহান ও তার সহযোগী বিক্ষোভকারীরা না গেলে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের প্লাস্টিকের হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
কনেয়ার্সের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের পর শিহান এবং বিক্ষোভকারীরা তার কার্যালয়ের মেঝেতে বসে পড়ে। এ সময় তারা বুশ ও চেনিকে ইমপিচ করার দাবি জানিয়ে স্লোগান দেয়।
ক্যাপিটল হিল পুলিশের একজন মুখপাত্র জানান, ৪৬ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এবং বেআইনী কাজ করার অভিযোগ আনা হয়েছে। কয়েক ঘন্টা পর তারা ছাড়া পেতে পারে বলেও তিনি জানান।
এক বছরেরও বেশি সময় আগে কংগ্রেসে বিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কনেয়ার্স বুশকে ইমপিচ করার সম্ভাবনা তুলে ধরেন।
কিন্তু প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্রেট সদস্য ন্যান্সি পেলোসি গত বছর নির্বাচনী প্রচারাভিযানে সে সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেছিলেন, ইরাক যুদ্ধ অবসানে তিনি জোরালো প্রচেষ্টা নিতে চান। নির্বাচনে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পায়।
শিহানের ছেলে ক্যাসি ২০০৪ ইরাক যুদ্ধে নিহত হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের একজন নেতৃস্থানীয় শান্তিকর্মী হিসেবে আবির্ভূত হন।
শিহান জানান, তিনি ন্যান্সি পেলোসিকে চ্যালেঞ্জ করবেন।
এর আগে ক্যাপিটল হিলে পৌঁছানোর পর শিহান ও বিক্ষোভকারীরা ইরাক যুদ্ধের সমর্থক একটি দলের মুখোমুখি হয়। যুদ্ধ সমর্থকদের হাতে একটি প্ল্যাকার্ডে লেখা ছিলো- " দেশপ্রেমিকরা ইরাকে জয় চায়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৩০৭ ঘ.
bdnews24