আনকারা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সোমবার বড় ধরনের জয় পাওয়ার পর চ্যালেঞ্জের মুখে পড়েছে একে পার্টি। আগামী সপ্তাহে পার্লামেন্ট অধিবেশন শুরু পর থেকেই দলটিকে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসবের মধ্যে রয়েছে ইউরোপী ইউনিয়নে তুরস্কের সদস্য পদ নিশ্চিত করা। আর এজন্য প্রয়োজন সংস্কার। কিন্তু এ পক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
তবে সস্কারের কাজে হাত দেওয়ার আগে একে পার্টির প্রথম কাজ হবে বর্তমান প্রেসিডেন্ট আহমেত নেকদেত সিজারের জায়গায় একজনকে মনোনীত করা। আহমেত একে পার্টির কঠোর সমালোচক।
অনেকেই প্রেসিডেন্ট হিসাবে আব্দুল্লাহ গুলকে প্রেসিডেন্ট পদে চাইছেন। কিন্তু তুরস্কের ধর্মনিরপেক্ষ সেনাবাহিনী পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাহ গুলের প্রার্থীতার বিরোধীতা করছে। তাদের আশঙ্কা প্রেসিডেন্ট হলে তিনি ধর্ম ও রাষ্ট্রের মধ্যে বিভাজন মুছে ফেলবেন। আর একারণেই গুলের প্রেসিডেন্সি নিয়ে এরদোয়ান ধর্মনিরপেক্ষতাবাদীদের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ানোর ঝুঁকি নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরেই প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোয়ান এই নির্বাচনের ডাক দেন। প্রধান বিরোধী দলগুলোর বয়কটের মুখে একে পার্টি পার্লামেন্টে তার প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে ব্যর্থ হয়ে নির্ধারিত সময়ের চার মাস আগেই পার্লামেন্ট ভেঙে দেয়।
তাই এ জয় প্রতিদ্বন্দ্বীদের ওপর প্রধানমন্ত্রী এরদোগানের নৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট পদে প্রার্থী নিয়ে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে বিরোধে জড়াবেন কিনা সেটা এখনো পরিস্কার নয়।
এছাড়া তিনি তুরস্কের গভীর রাজনৈতিক বিভেদের কথা চিন্তা করেই আধুনিক তুরস্কের জনক বলে খ্যাত কামাল আতাতুর্কের বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, তিনি গোটা তুরস্ককেই শাসন করতে চান। এর্দোয়ান ধর্মনিরপেক্ষ তুরস্ক ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে অনেকেই সন্দেহ করেন।
এছাড়া তিনি ইইউর সদস্য পদের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের অঙ্গীকার করেছেন।
কিন্তু সমস্যা হলো একে পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনী এক তৃতীয় ভোট পায়নি।
একে পার্টির বিজয়কে স্বাগত জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও প্রধানমন্ত্রী তাইয়িপ এর্দোয়ানকে অভিন্দন জানিয়েছে। অর্থ বাজারেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
প্রায় সব ভোট গণনা শেষ হয়েছে। একে পার্টি পেয়েছে ৪৭ শতাংশ ভোট। মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় চার কোটি ২০ লাখ। বিপুল সংখ্যক ভোটার এবার ভোট দিয়েছে। ২০০২ সালেও একে পার্টি প্রদত্ত ভোটের প্রায় অর্ধেক ভোট পেয়েছিল। আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে ২৭ জুলাই।
এবারের এই আগাম নির্বাচনে আর মাত্র দুইটি ধর্ম নিরপেক্ষ দলই ১০ শতাংশ ভোট পাওয়ার গণ্ডি অতিক্রম করতে পেরেছে। এ দুটো দলের মধ্যে রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে ২০ শতাংশ এবং ন্যাশনাল মুভমেন্ট পার্টি (এমএইচপি) পেয়েছে ২০ শতাংশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯০৩ঘ.
bdnews24