২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে রক্ষা করতে নারাজ বেনজির

"মুশাররফ তার নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন। তার জনপ্রিয়তাও পড়তির দিকে। ফলে তাকে রক্ষা করতে যাওয়া ঠিক হবে না। জনগণ এটাকে ভালো চোখে দেখবে না। তার সঙ্গে গাঁটছড়া বাঁধলে আমাদের ভোট কমে যাবে।" রোববার ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে স্বেচ্ছা নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ইসলামাবাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-"মুশাররফ তার নৈতিক কর্তৃত্ব হারিয়েছেন। তার জনপ্রিয়তাও পড়তির দিকে। ফলে তাকে রক্ষা করতে যাওয়া ঠিক হবে না। জনগণ এটাকে ভালো চোখে দেখবে না। তার সঙ্গে গাঁটছড়া বাঁধলে আমাদের ভোট কমে যাবে।" রোববার ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে স্বেচ্ছা নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একথা বলেছেন। 'দ্য সানডে টাইমস'কে দেওয়া সাক্ষাতকার অবলম্বনে পাকিস্তানের কয়েকটি পত্রিকা সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে। বেনজির ভুট্টো তার সাক্ষাতকারে বলেছেন, সুষ্ঠু পার্লামেন্ট নির্বাচন নিশ্চিত করার শর্তে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে রক্ষার যে কোন চুক্তি তার জন্য ঝুঁকিই হবে। এ বছরের শেষ নাগাদ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে কোন ধরণের চুক্তিতে আসা যায় কিনা তা নিয়ে কয়েক মাস ধরে বেনজিরের সঙ্গে মুশাররফের প্রতিনিধিরা আলোচনা করে আসছেন। কিন্তু শুক্রবার সুপ্রীম কোর্ট পদচ্যুত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে বহাল রাখার রায় দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। কারণ চার মাস আগে মুশাররফ ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করেন। ফলে ওই রায় মুশাররফের জন্য বড় আঘাত বলেই বিশ্লেষকরা মনে করছেন। তা ছাড়া ইফতিখার চৌধুরী সারা দেশে আইনজীবী, নাগরিক অধিকার গ্র"পসহ অরাজনৈতিক বিভিন্ন শক্তিকে সঙ্গে নিয়ে মুশাররফ বিরোধী যে আন্দোলন করেছেন তাতে মুশাররফ বেশ অপদস্ত হয়েছেন। এর পাশাপাশি সঙ্গে লাল মসজিদে অভিযান এবং এর জের ধরে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনায় মুশাররফ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে বেঁকে বসেছেন বেনজির। সাক্ষাতকারে তিনি বলেছেন, যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যখন মনে হতে পারে যে নির্ধারিত সময়ে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে না । তখন প্রয়োজন মনে করলে তিনি চুক্তির বিষয়টি বিবেচনা করতে পারেন। অবশ্য মুশাররফ আশা করছেন, বর্তমান পার্লামেন্টই সেপ্টেম্বর বা অক্টোবরে তাকে প্রেসিডেন্ট পদে আবার নির্বাচিত করবে এবং তখন তিনি সংবিধানের বাধ্যবাধকতা মেনে বছরের শেষ নাগাদ সেনা প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন। অথচ ডিসেম্বর কিংবা জানুযারিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিরোধীরা চাচ্ছেন মুশাররফ যেন আর এ ধরণের অনুগত পার্লামেন্টের ভোটে প্রেসিডেন্ট না হতে পারেন। সে জন্য তারা মুশাররফকে একের পর এক সাংবিধানিক চ্যালেঞ্জ দিয়ে আসছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীও যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র পাকিস্তান। তালেবান জঙ্গি এবং উত্তর ওয়াজিরিস্তানের জাতিগোষ্ঠীর জঙ্গি তৎপরতা দমনে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়ারিজিস্তানের জাতিগোষ্ঠীর সঙ্গে মুশাররফ সরকার একটি শান্তি চুক্তি করলেও ১০ মাস পর চুক্তিটি ভেঙে পড়েছে। এসব বিষয় মাথায় রেখেই বেনজির বলেছেন, সেনাপ্র্রধান থাকা অবস্থায় মুশাররফের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত নন। যদিও এর আগে তিনি বলেছিলেন, মুশাররফ ও তিনি যৌথভাবে পাকিস্তানে ইসলামপন্থীদের উত্থানকে দমাতে সক্ষম হবেন। সাক্ষাতকারে বেনজির ভুট্টো ডিসেম্বর নাগাদ দেশে ফেরার তার দৃঢ় সংকল্পের কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের পর দেশে ফেরা আমি অনেক নিরাপদ মনে করছি।" তিনি জানান, সেপ্টেম্বরে দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে তার দল পাকিস্তান পিপল্স্ পার্টির (পিপিপি) নেতারা আগামী মাসে বৈঠক করবেন।" বেনজির ও তার স্বামী আসিফ জারদারি দুর্নীতির দায়ে অভিযুক্ত। তিনি চান তাদের মামলা প্রত্যাহার করা হোক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৭৩০ ঘ.