তুরস্ক, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি রোববার দেশটির পার্লামেন্ট নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে। প্রায় সাড়ে সাত কোটি মানুষের এ দেশটিতে একে পার্টি দ্বিতীয়বারের মতো আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এল।
প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নিয়ে বিরোধের জের ধরে প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগান এই নির্বাচনের ডাক দেন। প্রধান বিরোধী দলগুলোর বয়কটের মুখে একে পার্টি পার্লামেন্টে তার প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে ব্যর্থ হয়ে নির্ধারিত সময়ের চার মাস আগেই পার্লামেন্ট ভেঙে দেয়।
তাই এ জয় প্রতিদ্বন্দ্বীদের ওপর প্রধানমন্ত্রী এরদোগানের নৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
প্রায় সব ভোট গণনা শেষ হয়েছে। একে পার্টি পেয়েছে ৪৭ শতাংশ ভোট। মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় চার কোটি ২০ লাখ। বিপুল সংখ্যক ভোটার এবার ভোট দিয়েছে। ২০০২ সালেও একে পার্টি প্রদত্ত ভোটের প্রায় অর্ধেক ভোট পেয়েছিল।
এবারের এই আগাম নির্বাচনে আর মাত্র দুইুট ধর্ম নিরপেক্ষ দলই ১০ শতাংশ ভোট পাওয়ার গণ্ডি অতিক্রম করতে পেরেছে। এ দুটো দলের মধ্যে রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে ২০ শতাংশ এবং ন্যাশনাল মুভমেন্ট পার্টি (এমএইচপি) পেয়েছে ২০ শতাংশ।
একে পার্টির এক সিনিয়র নেতা রয়টার্সকে বলেন, "তুরস্কের স্থিতিশীলতা অব্যাহত থাকবে।"
উদারপন্থী দৈনিক মিলিয়েতের এক কলামিস্ট সামি কোহেন রয়টার্সকে বলেছেন, "ধর্ম নিরপেক্ষতা এবং ইসলামি মতাদর্শের মধ্যে যে দ্বন্দ্ব আমরা ইতোমধ্যে দেখেছি তার প্রতিফলন এ নির্বাচনে হয়নি।"
তিনি আরও বলেন, "নির্বাচন থেকে একটি সত্য বেরিয়ে এসছে, তা হল আমরা অর্থনৈতিক অগ্রগতি এবং ইউরোপীয় (ইউনিয়ন) নীতিতে আস্থাশীল।"
অর্থনীতিবিদরা বলেছেন, ৫৩ বছর বয়সী জনপ্রিয় এই রাজনীতিবিদ এরদোগান মুক্তবাজার অর্থনীতি অব্যাহত রাখতে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়টিকে এগিয়ে নিতে পারবেন।"
তুরস্কের পূর্বাঞ্চলে ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল সাতটায় আর রাজধানী আঙ্কারাসহ বৃহত্তমনগরী ইস্তাম্বুল ও পশ্চিমাঞ্চলে সকাল আটটায় । ৫৫০ আসনের পার্লামেন্টের ভোট গণনা শেষে প্রথম অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় স্থানীয় সময় রোববার রাত নয়টায়। তবে আর নির্বাচন কমিশনের উচ্চক্ষমতাসম্পন্ন নির্বাচনী পরিষদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে ২৭ জুলাই শুক্রবার।
দেশটির মোট জনসংখ্যা ৭ কোটি ৪০ লাখ। এ নির্বাচনেই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কমপক্ষে ৪০ লাখ তরুণ তুর্কি।
নির্বাচনে মোট ১৪ টি রাজনৈতিক দল অংশ নেয়।স্বতন্ত্র প্রার্থীসহ ৫৫০ আসনের বিপরীতে মোট প্রার্থীর সংখ্যা ৭,৩৯৫ জন।
তুরস্কের আইন অনুসারে জাতীয়ভাবে কমপক্ষে ১০ শতাংশ ভোট না পেলে কোনো রাজনৈতিক দল পার্লামেন্টে যেতে পারবে না। এ হার সারা বিশ্বে সবচেয়ে বেশি এবং এর ফলে দেশটির অনেক ছোট দল পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাচ্ছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/ডিডি/এমএইচবি/০৩৩১ ঘ.
bdnews24