তেহরান, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান এবং যুক্তরাষ্ট্র সোমবার ইরাকের নিরাপত্তা নিয়ে ২য় দফা আলোচনায় বসবে। ইরানের একটি সংবাদপত্র এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল বৈঠক সোমবার হবে বলে মনে করছেন না তিনি। এর আগে ২৮ মে তে ইরান ও যুক্তরাষ্ট্র ইরাক পরিস্থিতি নিয়ে প্রথম দফা আলোচনা করেছে।
ইরানি ও ইরাকি কর্মকর্তারা বলছেন, দুই শত্র"দেশের মধ্যে ২য় দফা আলোচনা অনুষ্ঠিত হবে শিগগিরিই। তবে কবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
দ্য হামশাহরি পত্রিকা বলেছে, "কয়েকদফা উত্থান-পতনের পর বাগদাদে ইরান ও আমেরিকার রাষ্ট্রদূতরা সোমবার ইরাক নিয়ে আলোচনা করবেন।"
এদিকে, বাগদাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলছেন, তারা ২য় দফা আলোচনা সোমবার হবে বলে মনে করছেন না। তবে তিনি বলেন, ওয়াশিংটনের কাছ থেকে আরও কোনো তথ্য আসতে পারে।
গত মে মাসে দুপক্ষের বৈঠকটি ছিল তিন দশকের মধ্যে প্রথম দুই শত্র"দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।
সংবাদপত্রের ওই প্রতিবেদনের কথা জিজ্ঞেস করা হলে ইরান সরকারের মুখপাত্র গোলামহোসেন এলহাম বলেন, "আমি কোনো দিন নির্দিষ্ট করে বলতে পারছি না। আলোচনা শুরু হলে তা সবাই জানতে পারবেন।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ও ২য় দফা আলোচনার দিন এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন। মোহম্মদ আলী হুসেইনি এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, "ইরাকের সমস্যা নিরসনের জন্যই ইরান এই আলোচনায় বসতে রাজি হয়েছে।"
বৈঠকে কেবল ইরাক ইসুই প্রাধান্য পাবে। অন্য কোনো বিরোধপূর্ণ ইসু আলোচনায় স্থান পাবে না বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।
এদিকে সংবাদপত্রের খবরে বলা হয়েছে, আলোচনায় ইরান পক্ষের নেতৃত্ব দেবেন ইরানের শীর্ষ দূত হাসান কাজেমি-কওমি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদূত রায়ান ক্রোকার।
তবে ইরানের আলোচক দলে কিছু পরিবর্তনও ঘটতে পারে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা য়ায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ঘ.
bdnews24