২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতিখারকে পুনর্বহালের রায় মেনে নেবেন মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহাল করে শুক্রবার দেওয়া সর্বোচ্চ আদালতের রায় পুরোপুরি মেনে নেবেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র শনিবার এ কথা জানান। মার্চ মাসে দুর্নীতির অভিযোগ এনে প্রধান বিচারপতির পদ থেকে ইফতিখারকে বরখাস্ত করেন মুশাররফ। কিন্তু এ আদেশ মেনে না নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি বিচার বিভাগের মর্যাদা প্রতিষ্ঠা, স্বাধীনতা ও নিরপেক্ষতার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন ইফতিখার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ইসলামাবাদ, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) -- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহাল করে শুক্রবার দেওয়া সর্বোচ্চ আদালতের রায় পুরোপুরি মেনে নেবেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র শনিবার এ কথা জানান। মার্চ মাসে দুর্নীতির অভিযোগ এনে প্রধান বিচারপতির পদ থেকে ইফতিখারকে বরখাস্ত করেন মুশাররফ। কিন্তু এ আদেশ মেনে না নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি বিচার বিভাগের মর্যাদা প্রতিষ্ঠা, স্বাধীনতা ও নিরপেক্ষতার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন ইফতিখার। সারা পাকিস্তানের আইনজীবী, বিচারক এবং বিরোধী দলগুলোর বড় অংশের সমর্থনের মধ্য দিয়ে মুশাররফবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হন ইফতিখার। পাকিস্তানজুড়ে লাগাতার আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ লাল মসজিদে সেনা অভিযান পরবর্তী জঙ্গি তৎপরতায় মুশাররফ সরকার বিপর্যস্ত হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে শুক্রবার সুপ্রিম কোর্ট এই রায় দেয়। আদালতের রায়ের পর ইফতিখারের আইনজীবী আইতাজ আহসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,"তার স্বপদে পুনর্বহাল হওয়া সারা জাতির জন্য বিজয়।" দেশের সর্বোচ্চ আদালাতের এ রায়ের প্রতিক্রিয়ায় মুশাররফের মুখাপাত্র বলেন, "সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছেন প্রেসিডেন্ট।" রাষ্ট্রীয় এসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) এ কথা জানিয়েছে। মুখপাত্র বলেন, "প্রেসিডেন্ট এর আগেও বলেছেন যে, সুপ্রিম কোর্ট যে রায় দেবে তাকে সম্মান করা হবে এবং স্বাগত জানিয়ে সে অনুযায়ীই সবকিছু চলবে।" সরকার আরও বলেছে যে এ মামলাটি কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। এর আগে শুক্রবার আদালতের রায়ে বলা হয়, ইফতিখারকে বরখাস্তের পদক্ষেপ 'অবৈধ'। তাকে আবারও প্রধান বিচারপতি পদে বহাল করার উচিত। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ইফতিখারকে বরখাস্ত করার ৪ মাস পর আদালত এই রায় দিল। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মুশাররফ বরখাস্ত করেছিলেন ইফতিখারকে। তখন পাকিস্তানের কর্মকর্তারা বলেছিলেন, অনেকে মানুষই প্রধান বিচারপতি সম্পর্কে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছে প্রেসিডেন্টের কাছে। প্রধান বিচারপতির ছেলেকে পুলিশের একটি বড় পদে নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটানোর প্রসঙ্গটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনেকেরই ধারণা মুশাররফের আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পথে ইফতিখার বাধা হয়ে দাঁড়াতে পারেন ভেবেই তাকে অপসারণ করা হয়েছিল। রায় ঘোষণার পর ইফতিখারের সমর্থকরা শুক্রবার ইসলামাবাদে আনন্দ-উল্লাস করেছে। পাকিস্তানে একের পর এক বোমা হামলা এবং ব্যাপক জনঅসোন্তষের পাশাপাশি এ রায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে আরও শোচনীয় অবস্থায় ফেলে দিয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৫২৫ ঘ.