২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটার সিরিজের শেষ বই বাজারে, পটার মরেনি

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সারা পৃথিবীতে এক যোগে প্রকাশিত হলো পটার সিরিজের সপ্তম এবং সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ'। শনিবার সারা বিশ্বে বইয়ের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ে হ্যারি পটারের ভক্তকুল। জেকে রাউলিং এর লেখা বিপুল জনপ্রিয় এই সিরিজটির শেষ বইতে বালক জাদুকরের ভাগ্যে কি ঘটলো সেটা জানতেই ব্যস্ত এখন সবাই। 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ' শিরোনামের বইটি বিশ্বের অধিকাংশ দোকানের তাকে শোভা পেতে শুরু করে শুক্রবার গ্রীনিচ মান সময় ২৩০১ ঘন্টায়। চমক আর বিক্রি বাড়াতে টোকিও এবং নিউইয়র্ক থেকে শুরু করে তাইওয়ান ও অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশের জনবিরল স্থানে একসঙ্গে বইটি প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 07:57 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

লন্ডন, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সারা পৃথিবীতে এক যোগে প্রকাশিত হলো পটার সিরিজের সপ্তম এবং সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ'। শনিবার সারা বিশ্বে বইয়ের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ে হ্যারি পটারের ভক্তকুল। জেকে রাউলিং এর লেখা বিপুল জনপ্রিয় এই সিরিজটির শেষ বইতে বালক জাদুকরের ভাগ্যে কি ঘটলো সেটা জানতেই ব্যস্ত এখন সবাই। 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ' শিরোনামের বইটি বিশ্বের অধিকাংশ দোকানের তাকে শোভা পেতে শুরু করে শুক্রবার গ্রীনিচ মান সময় ২৩০১ ঘন্টায়। চমক আর বিক্রি বাড়াতে টোকিও এবং নিউইয়র্ক থেকে শুরু করে তাইওয়ান ও অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশের জনবিরল স্থানে একসঙ্গে বইটি প্রকাশ করা হয়। হ্যারি পটারের বিচিত্র সব পোশাক পরে বিভিন্ন দেশের বেশকিছু একনিষ্ঠ সমর্থক লন্ডনে মুষলধারার বৃষ্টি উপেক্ষা করে বই কিনতে দোকানে ভিড় জমায়। আর অস্ট্রেলিয়া ও ভারতে কাকভোরে ঘুম থেকে জেগে বই কিনতে ছুটে গেছে হ্যারির ভক্তরা। বই কেনার জন্য যে লাইনের শুরু হয়েছিলো কয়েকদিন আগে থেকেই তা এখন কমে না গিয়ে বাড়ছেতো বাড়ছেই। বই হাতে পেয়েও হাসি নেই পটার ভক্তদের মুখে। তাদের প্রিয় জাদুকরের কি হলো সেটা না জেনে কি আর হাসি আসে মুখে। বইটির প্রকাশনা উপলক্ষ্যে নেদারল্যান্ডে থেকে লন্ডনে ছুটে এসেছে ১৫ বছরের টিনেকি ডিকস্ট্রা। সে বললো, "এখন আমি বাড়ি ফিরছি। ফিরেই প্রথম অধ্যায়টি পড়বো, তারপর ঘুমাতে যাব। কারণ গত দুই দিনে আমি মাত্র ৩ ঘন্টা ঘুমিয়েছি।" সে আরও বললো, "বুধবার থেকেই বই কিনতে লাইনে দাঁড়িয়েছি আমি। আর যারা তখনো লাইনে ছিলো তাদের সারারাত নির্ঘুম কাটাতে হবে।" পশ্চিম লন্ডনের একটি দোকানে রবিন হল্যান্ড বললো, " আর কোন সন্দেহ নেই যে, আমি আজ বিছানায় যাওয়ার আগে বইটি পড়ছি।" একই উত্তেজনা আর খেদ দেখা গেছে নিউনিয়র্কে। হ্যারির মত পোশাক আর মাথায় ক্ষত চিহ্ন নিয়ে ১৬ বছরের উইলিয়াম বিশপ বললো, "এটা আমার শৈশবের একটি অধ্যায় হারানোর মত ব্যাপার।" সিডনিতে হ্যারি পটারের প্রায় ১৫ শ ভক্ত বাষ্প ইঞ্জিনচালিত দুটি ট্রেনে চড়ে শহরের মধ্যস্থল থেকে গোপন একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে বই দোকানের কর্মীরা তাদের হাতে তুলে দেবে সিরিজের সর্বশেষ বইটি। মুম্বাইয়ে পটারের ভক্তরা অনুমান করার চেষ্টা করছিলো আসলে শেষ বইতে কি ঘটেছে। তাদের মনে পড়ে জেকে রাউলিং গত বছর বলেছিলেন, শেষ উপন্যাসে অন্তত দুটি প্রধান চরিত্রের মৃত্যু দেখানো হবে। ইন্টারনেটে গল্পের প্লট ফাঁস হয়ে যাওয়ার পরও হ্যারি পটারের শেষ উপন্যাসের জন্য পাঠকদের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে। মূল কপির সঙ্গে মিলিয়ে দেখা গেছে ফাঁস হওয়া প্লটের কিছু কিছু অংশ আসলেই ঠিক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের বেশ কিছু দিন আগেও যুক্তরাষ্ট্রের একজন খুচরা বিক্রেতার ভুলে বইয়ের ১২০০ কপি ক্রেতাদের হাতে চলে যায়। হ্যারি পটারের লেখক ৪১ বছর বয়সী রাউলিং বলেন, "বৃহস্পতিবার ও শুক্রবার প্রকাশিত বইটির পর্যালোচনা দেখে তিনি মর্মাহত হয়েছেন।" কারণ সেটা এমন জায়গায় ছাপানো হয়েছে যেখানে পাঠকরা সচরাচর নজর দেয় না। এ ছাড়া ফ্রান্সিস লা প্যারিসিয়েন বইটির শেষ অধ্যায়ের একটি সার সংক্ষেপ প্রকাশ করে। সর্বশেষ খবর হলো পটার মরেনি। আগে দুই চরিত্রের মৃত্যুর ঘোষণা দিয়ে রাউলিং পটার ভক্তদের দুঃচিন্তার মধ্যে রাখলেও তিনি তার কিশোর জাদুকরকে মারতে পারেনি। বরং তিনি তাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছেন। পটার এখন বাচ্চা কাচ্চার বাবা। অবশ্য বেঁচে থেকেও লাভ নেই- পটার আর আসছে না। দশ বছর আগে হগওয়ার্টের জাদু ইস্কুলের ছাত্র কিশোর পটারের ভেল্কিবাজীতে মোহগ্রস্থ হয়ে পড়েছিল একটি গোটা প্রজন্ম। কিশোর পটারের সঙ্গে অন্ধকারের জাদুকর লর্ড ভল্ডামার্টের লড়াই। এক 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন' (সরসারার্স স্টোন নামে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে) দিয়ে মাত করে দিয়েছিলেন রাউলিং। সময়ে তাতে বুঁদ হয়েছে বড়রাও। পিটার প্যানের পর আরেকটি ঘরের ছেলে, 'তোমার আমার মতোই' ধরণের নায়ক পেয়েছিল ছোটরা। পটার আর তার বন্ধুদের সঙ্গে জাদু দুনিয়ায় ঘুরে আসা, সে ঘোরে দীর্ঘ মোহাচ্ছন্নতা -- এই মজা আর মিলবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এসএন/ ঘ.