কিলিনোচ্চি/শ্রীলংকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- রাজাথুরাই পন্যমবালামের মতো অনেক যুবক যুদ্ধে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়ায়। তারা যে যুদ্ধে বিশ্বাস করে না তার জন্য লড়াইয়ে তাদের মতো অনেককে প্রাণ দিতে দেখে তারা তামিল গেরিলাদের এড়িয়ে চলে। কারণ গেরিলারা যুদ্ধের জন্য জোর করে তাদের শিবিরে নিয়ে যায়। পরে প্রশিক্ষণ নিতে বাধ্য করে।
শ্রীলংকার উত্তরাঞ্চলে যেখানে তামিল গেরিলাদের শক্ত ঘাঁটি সেখানে যাওয়ার সুযোগ হয়ে যায় বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদকের। তিনি সেখানে যাদের সঙ্গেই কথা বলেছেন, তারা সবাই দাবি করেছে প্রত্যেক পরিবার থেকে একজন করে গেরিলা বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করেছে টাইগাররা। তারা বলেছে, কিভাবে তাদের ছেলে, মেয়ে, স্বামী বা ভাইকে গেরিলা জোর করে শিবিরে ধরে নিয়ে গেছে এবং প্রশিক্ষণ নিতে বাধ্য করেছে। স্বজন হারানো অনেক পরিবার বলেছে, তারা অসহায়, এর প্রতিকার তাদের জানা নেই।
পন্যমবালাম জানান, তাকেও টাইগাররা গাড়ি তুলে নিয়ে গিয়েছিলো। কিন্তু তিনি মিথ্যা পরিচয় দিয়ে সেবার রক্ষা পেয়েছিলেন। ২০ বছরের যুবক পন্যমবালাম বলেন, "তারা (টাইগাররা) বলে দিয়েছে যাদের পরিবারে কোন এলটিটিই সদস্য নেই, তাকে অবশ্যই যোগ দিতে হবে।
তাকে ধরে নিয়ে গেরিলা প্রশিক্ষণ, যুদ্ধ, গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এ সব দেখিয়েছে। তিনি বলেন, "গেরিলা বাহিনীতে যোগ দিতে চাই না আমি। কারণ আমরা পরিবারে একমাত্র আমিই উপার্জন করি।"
পন্যমবালাম ছাড়া পেলেও অনেকের ভাগ্যে সেটা ঘটেনি। তাদেরকে যুদ্ধে যেতে হয়েছে, যারা যায়নি তারা পালিয়ে পালিয়ে থাকে তার মতো।
নাম প্রকাশ না করার শর্তে একজন বৃদ্ধ বলেন, "আমার এক ছেলে এলটিটিইতে আছে। মাত্র ৬৩ দিন আগে সে যোগ দিয়েছে। আসলে সে স্বেচ্ছায় যায়নি। তার মা অসুস্থ। তাকে নিয়ে যাওয়ার পর আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন আমি রাগ করা ছাড়া আর কি করতে পারি?"
আরেক জন জানালেন, কোটা পূরণ করতে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে গেরিলা দলে গেছে যাতে উপার্জনক্ষম তার বড় ভাইকে যুদ্ধ যেতে না হয়। তামিল নিয়ন্ত্রিত ওই এলাকার ৭০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে। তাদের দৈনিক আয় গড়ে এক ডলার।
কিন্তু এসব কথা একেবারে স্বীকার করেন না এলটিটিই নেতারা। তবে সাহায্য কর্মীরা জানিয়েছেন, গত বছর তামিলরা এ দাবি করলে এলটিটিই তাদের বাহিনী থেকে কিছু লোককে অব্যাহতি দেবে বলে জানায়।
তামিল টাইগারদের এলাকায় দেওয়া এক সাক্ষাতকারে রাজনৈতিক শাখার প্রধান এসপি থামিলসেলভান দাবি করেন, "প্রত্যেক পরিবার থেকে অন্তত একজনকে যুদ্ধে যোগ দিতে হবে সে রকম কোন কঠোর বাধ্যবাধকতা নেই।" তিনি আরও দাবি করেন, "অনেক পরিবারই আছে যেখান থেকে দুই বা তিনজনও স্বেচ্ছায় এলটিটিইতে কাজ করছে। আমরা বরং নিশ্চিত করতে চাই এক পরিবার থেকে যাতে একজনের বেশি এলটিটিইতে যোগ না দেয়। কারণ এতে পরিবারের কাজের ক্ষতি হবে।"
অথচ বাস্তব হলো, যুদ্ধে যাওয়ার জন্য টাইগাররা নির্দিষ্ট ব্যক্তির নামধাম উল্লেখ করে পরিবারগুলোকে চিঠি পাঠাচ্ছে। অধিকাংশ আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে তাদের স্থানীয় কর্মীদের ঘরের ভিতর লুকিয়ে রাখতে হয়। এমনকি তারা মাসের পর মাসে ঘরে বন্দি থাকে। নরডিক সাহায্য সংস্থা এফওআরইউটি'র কর্মসূচি ব্যবস্থাপক অ্যারনে ব্যাংস্টাড বলেন, তামিল নিয়ন্ত্রিত এলাকায় যে এনজিও কাজ করে তাদের প্রধান উদ্বেগের বিষয় গেরিলা দলে লোক ভর্তি করার টাইগারদের নীতি। তাদের অভিজ্ঞতা হলো, বিভিন্ন এনজিওর স্থানীয় কর্মী হয় অপহৃত হয়েছে না হয় প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।
তিনি বলেন, টাইগারদের রাজনৈতিক শাখা আমাদের আশ্বস্ত করেছিলো তারা এ ভাবে আর বাহিনীতে লোক নেবে না। একই সঙ্গে তারা এনজিওগুলোর মানবিক মর্যদাকে সম্মান দেখাবে। কিন্তু বাস্তবে এর কোনটাই করেনি টাইগাররা।
সবাইকে জোর করে ধরে নেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। অনেকেই যাচ্ছেন নিজের ইচ্ছায় যারা তামিলদের জন্য পৃথক রাষ্ট্র চান। যদিও বেশিরভাগ তামিলই টাইগারদের সহিংস নীতিকে সমর্থন করেন না। আবার অনেকেই মনে করে দক্ষিনের সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের কাছ থেকে স্বায়ত্বশাসন পেতে হলে যুদ্ধ ছাড়া আর কোন উপায় নেই।
কিলিনোচ্চি শহরের চারদিকেই শোভা পাচ্ছে টাইগারদের পোস্টার। পোস্টারে যুদ্ধের পোশাক আর স্বয়ংক্রিয় রাইফেল হাতে টাইগার গেরিলার ছবির পাশে লেখা: "আমাদের সঙ্গে যোগ দিন, সিংহলী সেনাদের হাত থেকে আমাদের ভূমিকে রক্ষা করুন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭০৭ ঘ.
bdnews24