বেইজিং/কুয়ালালামপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বুধবার বলেছে, উত্তর কোরিয়ায় পরিদর্শন শেষে পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। বেইজিংয়ে ছয়জাতি বৈঠকের প্রাক্কালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইএইএ প্রধান মোহাম্মদ এল বারাদি বুধবার সাংবাদিকদের বলেন, "ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার প্রধান পরমাণু প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর ৫টিই বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াকে নিরস্ত্র করার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই অগ্রগতি সত্যিকার অর্থেই একটি মাইলফলক।"
আগামী দুবছরে উত্তর কোরিয়ার পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণের জন্য একটি কর্মপরিকল্পনা ঠিক করতে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রসহ ছয়জাতি আলোচনার অন্যান্য দেশের বৈঠকের ঠিক আগে আইএইএ প্রধান এল বারাদি এ কথা জানালেন।
উত্তর কোরিয়ার বৃহত্তম পরমাণু স্থাপনা ইয়ংবিয়নের কথা উল্লেখ করে কুয়ালালামপুরে এল বারাদি বলেন,"হ্যা,আমরা এখন নিশ্চিত করে বলতে পারি যে পাঁচটি পরমাণু প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সবকটি বন্ধ করে দেওয়া হয়েছে।"
যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী এবং উত্তর কোরিয়া ইস্যুতে শীর্ষ আলোচক ক্রিস্টোফার হিল বেইজিংয়ে বুধবারের বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা জানালেও জোর দিয়ে বলেছেন যে পরমাণু নিরস্ত্রীকরণের একটি সময়সীমা নির্ধারণে একমত হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
ফেব্র"য়ারি মাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার ছয়জাতি আলোচনায় ৫০,০০০ মেট্রিক টন ভারী জ্বালানি তেলের বিনিময়ে ওই পরামাণু স্থাপনা বন্ধের চুক্তি স্বাক্ষর করে উত্তর কোরিয়া। পরবর্তী পর্যায়ে আরও ৯,৫০,০০০ টন জ্বলানি তেল কিংবা সমমূল্যের সাহায্যের বিনিময়ে পর্যায়ক্রমে নিজেদের সবকটি পরমাণু স্থাপনার কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে সমস্ত হয়েছে দেশটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৪৫ ঘ.
bdnews24