মিরানশাহ, পাকিস্তান, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-ওয়াজিরিস্তানের তালেবানপন্থী জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গেরিলা হামলা শুরুর অঙ্গীকার করার কয়েকঘন্টার মধ্যেই আত্মঘাতী বোমা হামলায় ৪ পাকিস্তানিসহ ৩ সেনা নিহত হয়েছে। সরকারের সঙ্গে ১০ মাসের শান্তি চুক্তি ভঙ্গ করে জঙ্গিরা সোমবার হামলা শুরুর নতুন হুমকি দিয়েছে। সরকার ওই চুক্তি অক্ষুন্ন রাখতে চায়। আফগানিস্তান এবং পাক বাহিনীর ওপর জঙ্গি হামলার হুমকি ঠেকাতে সরকার গতবছর সেপ্টেম্বরে ওয়াজিরিস্তান চুক্তি স্বাক্ষর করে। কিন্তু লাল মসজিদে রক্তক্ষয়ী সেনা অভিযানের পর উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকদফা জঙ্গি হামলার ঘটনায় এই চুক্তি কার্যত ভেঙে পড়েছে। রোববার জঙ্গিরা প্রকাশ্যে চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। এরপর তারা নতুন হুমকি দিতে না দিতেই ওয়াজিরিস্তানে ওই আত্মঘাতী হামলা হল।
ওয়াজিরিস্তানে মঙ্গলবার এক সেনা চেকপোস্টে একটি যানবাহন এসে থামতেই এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ২ সেনা নিহত হওয়া ছাড়াও ৪ সেনা আহত হয়। পরে আহত এক সেনার মৃত্যু ঘটে। সেনাবাহিনী মুখপাত্র একথা জানিয়েছেন। জঙ্গিদের এ হামলাগুলোর বেশিরভাগই লাল মসজিদে সেনা অভিযানের প্রতিশোধ বলেই মনে করা হচ্ছে।
লাল মসজিদের ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ১০০ লোক নিহত হয়েছে। এ ঘটনার জেরে ওয়াজিরিস্তানে পরপর কয়েকদিন ধারাবাহিক জঙ্গি হামলা হয়েছে। রোববার জঙ্গিরা ওয়াজিরিস্তান শান্তিচুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। সরকার এই চুক্তি লঙ্ঘন করেছে বলে তারা অভিযোগ করে। এরপরদিনই সোমবার জঙ্গিদলের মুখপাত্র আবদুল্লাহ ফরহাদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বলেন, "আমরা নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা শুরু করব।"
অধিবাসীরা বলছেন, উত্তর ওয়াজিরিস্তানের উপকণ্ঠে জঙ্গিরা দুটো পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। জঙ্গিরা সেনা চেকপয়েন্টগুলো তুলে দেওয়ার দাবি জানিয়েছে। ফরহাদ জানান, বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়াতে তারা সেনা চেকপয়েন্টগুলোতে হামলা চালাবেন না। তবে তাদের দাবি মানা হলেই কেবল তারা আলোচনায় বসবেন বলে জানান ফরহাদ।
উত্তরপশ্চিমাঞ্চলে ইতোমধ্যেই শুরু হওয়া সহিংস জঙ্গি হামলার মধ্যেও সরকার ওয়াজিরিস্তান চুক্তি রক্ষার চেষ্টা করছে। কারণ, ওই চুক্তির বদৌলতেই ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কমে এসেছিল। এ চুক্তিকে বাঁচানোর চেষ্টায় সরকার ইতোমধ্যেই জঙ্গিদের সঙ্গে কথা বলতে প্রতিনিধি পাঠিয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা বলছেন, প্রতিনিধিদল তালেবানদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ১৭০৭ঘ.
bdnews24