টোকিও, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের উত্তর পশ্চিমাঞ্চলে সোমবার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাত জন নিহত এবং আরও প্রায় ৪০০ জন আহত হয়েছে। রাজধানী টোকিওর ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কাশিওয়াজাকি এলাকায় সকাল সোয়া ১০টার দিকে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। পরে বেশ কয়েকটি 'আফটার শক' অনুভূত হয়। ছোট আকারের সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। সরকারি সূত্র ও এনএইচকে টেলিভিশন একথা জানিয়েছে।
জাপানি গণমাধ্যম জানায়, কাশিওয়াজাকিতে একটি বাড়ি বিধ্বস্ত হয়ে দুই বৃদ্ধা নিহত হয়েছেন।
ভূমিকম্পের সবচেয়ে তীব্র আঘাত অনুভূত হয় কাশিওয়াজাকি শহরে। সেখানে ধসে পড়া একটি ভবনের নীচে প্রায় ১২ জন আটকা পড়েছেন বলে স্থানীয় অধিবাসীরা জানান। ওই অঞ্চল থেকে শুরু করে টোকিওর ভবনগুলোতেও কম্পন অনুভূত হয়।
কাশিওয়াজিাকির 'কারিওয়া পরমাণু শক্তি কেন্দ্রে' একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং 'নিগাতা প্রিফেকচার' কেন্দ্রের পরমাণু চুল্লি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারিওয়া কেন্দ্রটি বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিকেন্দ্র।
জরুরী উদ্ধারকারী দল এবং সেনারা উদ্ধার কাজ চালাচ্ছে এবং সরকার একটি 'জরুরী দুর্যোগ কেন্দ্র' স্থাপন করেছে।
মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়াসুহিসা শিয়োজাকি এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের খবর পেয়ে প্রধানমন্ত্রী শিনজো আবে তার নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করে টোকিওতে ফিরে এসেছেন ।
ভুমিকম্পের কারণে ২০ ইঞ্চি উচচতার ছোট আকারের সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয় জাপানের আবহাওয়া দপ্তর।
কাশিওয়াজাকির এক গ্যাসোলিন স্টেশন ওয়ার্কার এনএইচকে টেলিভিশনকে বলেন,"আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। প্রচণ্ড কাঁপুনিতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। আমার কাছেই ফুটপাত ঘেঁষা একটি দেয়াল ভেঙ্গে পড়ে।"
স্থানীয় বাসিন্দা মাসায়ে ইয়ানি বলেন,"কোথাও কোথাও গ্যাস লিক হয়েছে বলে মনে হয়েছে তবে বিদ্যুৎ ব্যবস্থা ঠিকই আছে। কিন্তু ঘরবাড়ি ভেঙ্গে পড়ায় আমি ভেতরে যেতে পারছি না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩৫ ঘ.
bdnews24