২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত বন্ধুত্বের প্রতীক হতে পারে কাশ্মির: মনমোহন

কাশ্মির ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের প্রতীকে পরিণত হতে পারে এবং ৬০ বছর ধরে চলমান সংঘাত অবসানে দুপক্ষের মধ্যে আলোচনাও চলতে পারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রোববার এই মন্তব্য করেছেন। জম্মুতে সম্মানসূচক ডিগ্রী নেওয়ার সময় মনমোহন একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

নয়াদিল্লি, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--কাশ্মির ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের প্রতীকে পরিণত হতে পারে এবং ৬০ বছর ধরে চলমান সংঘাত অবসানে দুপক্ষের মধ্যে আলোচনাও চলতে পারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রোববার এই মন্তব্য করেছেন। জম্মুতে সম্মানসূচক ডিগ্রী নেওয়ার সময় মনমোহন একথা বলেন। রয়টার্সে ই-মেইলে পাঠানো বক্তব্যে মনমোহন বলেন, বিভক্তি কিংবা বিভাজন নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু নিয়ন্ত্রণ রেখা শান্তি রেখায় পরিণত হতে পারে। তা হতে পারে চিন্তা-ভাবনার আদান প্রদান, লোকজন এবং পণ্যের অবাধ চলাচলের মধ্য দিয়ে। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্র সমৃদ্ধ প্রতিবেশী এই দেশদুটো কাশ্মিরকে নিজেদের অংশ বলে দাবি করে আসলেও এর অংশবিশেষের ওপর দুপক্ষের নিয়ন্ত্রণ রয়েছে। কাশ্মির নিয়ে দুবার লড়াইও করেছে ভারত-পাকিস্তান। ভারত ও পাকিস্তান শাসিত কাশ্মিরকে আলাদা করে রাখা হয়েছে নিয়ন্ত্রণ রেখা দিয়ে। মনমোহন বলেন, "আমি আশা করি এবং বিশ্বাসও করি জম্মু ও কাশ্মির একদিন ভারত-পাকিস্তানের বন্ধুত্বের প্রতীকে পরিণত হবে।" তিনি আরও বলেন, "এটি বলার অপেক্ষা রাখে না যে, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ হলে এবং আমরা একযোগে সন্ত্রাস মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সন্ত্রাস নিয়ে একে অপরকে ব্ল্যাকমেইল করা বন্ধ করলেই কেবলমাত্র তা ঘটতে পারে।" উল্লেখ্য, ভারত বহুদিন থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীদের পাক-মদদ পাওয়ার অভিযোগ করে আসছে। নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিবাদ উস্কে দেওয়ার জন্যও ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে। ১৯৮৯ সালে কাশ্মিরে ভারত-বিরোধী বিদ্রোহ শুরু হয়। প্রায় এক বছরেরও বেশি সময় পর দুদেশের কর্মকর্তারা এ মাসের শুরুর দিকে প্রথম নিরাপত্তা আলোচনায় বসেছিলেন। কিন্তু লাল মসজিদ নিয়ে অচলবস্থার কারণে পাকিস্তানের প্রতিনিধিরা ইসলামাবাদে ফিরে যাওয়ার কারণে আলোচনা সংক্ষিপ্ত করা হয়। ২০০৪ সালে দুদেশের মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে খুবই ধীরে। কারণ, ভারতীয় কর্মকর্তারা বলছিলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের অগ্রাধিকারের বিষয়গুলো বদলে গেছে। কিন্তু রোববার জম্মুতে মনমোহন বলেন, "শত জটিলতা সত্ত্বেও আমরা সংলাপ চালিয়ে যাব। কারণ, আমি প্রকৃতই বিশ্বাস করি, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই।" পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে আলোচনা বয়কট না করারও আহ্বান জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৩ঘ.