মেলবোর্ন, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেনে ব্যর্থ বোমা হামলা চেষ্টায় জড়িত সন্দেহে আটক ভারতীয় চিকিৎসক মোহাম্মদ হানিফের বিরুদ্ধে অবশেষে শনিবার অভিযোগ গঠন করলো অস্ট্রেলীয় পুলিশ। তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া না গেলেও ওই হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন 'উগ্র ইসলামপন্থী' একটি গ্র"পের সঙ্গে 'লাগামহীন' যোগাযোগ রাখা এবং ওই 'সন্ত্রাসবাদী' সংগঠনকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ১২ দিন ধরে বিনা অভিযোগে আটক রাখার পর শনিবার তাকে ব্রিসবেনের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ অভিযোগ গঠন করা হয়।
ব্রিসবেনে পুলিশ কমিশনার মিক কিটলি বলেছেন, "অভিযোগটি এমন হয়েছে যে ওই গ্র"পটিকে সহায়তা করার ক্ষেত্রে তিনি খুবই লাগামহীন ছিলেন, বিশেষত তার সিম কার্ডটি (মোবাইল ফোনের) ওই গ্র"পকে ব্যবহার করতে দিয়েছেন তিনি।"
হানিফের আইনজীবী পিটার রসো অস্ট্রেলিয়ান রেডিওকে বলেছেন অভিযোগ গঠনের ফলে খুবই ভেঙ্গে পড়েছেন তিনি। এ অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পুলিশ কমিশনার কিটলি জানান,১২ দিন ধরে তদন্ত করে প্রায় ৩৬,০০০ চার ড্রয়ারের ফাইল ক্যাবিনেটের সমপরিমাণ ইলেক্ট্রনিক তথ্যপত্রাদি জব্দ করার পর এ অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় প্রায় ৩০০ পুলিশ ও আইনজীবী অংশ নিচ্ছে বলেও তিনি জানান।
হানিফের আইনজীবীর জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। আইনজীবী বলেন তার পাসপোর্ট জব্দ করায় তার বিদেশ যাওয়ার ঝুঁকি নেই এবং তাকে জামিন দেওয়া যেতে পারে।
জামিনের বিরোধিতা করে পুলিশ বলেছে এটা দেখা দরকার যে ব্রিটিশ পুলিশের কাছে তাকে হস্তান্তরের জন্য কোনো তথ্যপ্রমাণ আছে কিনা।
এর আগে শুক্রবার সন্ত্রাসবাদ-বিরোধী আইনে হানিফকে আটক রাখার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আনতে না পারলে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া উচিৎ সরকারের।
কিন্তু সন্ত্রাসবাদবিরোধী আইনে এ আটকাদেশের পক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী হাওয়ার্ড স্থানীয় বেতারে বলেছেন, "আমি এসব আইন নিয়ে সন্তুষ্ট। কারণ, আমিই এসবের উদ্যোগ নিয়েছি। আমি এর পক্ষে। বর্তমান অবস্থায় যেসব আইন কার্যকর করা হচ্ছে আমাদের তার পক্ষে দাড়ানো উচিৎ।"
হাওয়ার্ড বলেন,"আমি মনে করি অস্ট্রেলিয়ার নাগরিকরা কার্যকর আইনের অধীন এবং ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত আমাদের মাটিতে এ ধরনের কোনো সন্ত্রাসী হামলার শিকার হতে হয়নি আমাদের।"
স্থানীয় সংবাদপত্রগুলো জানায় ছয়জন ভারতীয় চিকিৎসককে জিজ্ঞাসাবাদ এবং এদের একজনকে ১১ দিন ধরে আটক রাখে পুলিশ। মোহম্মদ হানিফ ছাড়া বাকী পাঁচ ভারতীয় চিকিৎসককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
ব্রিটেনে বোমা হামলা প্রচেষ্টায় আটকদের ছয়জনই চিকিৎসক। এর মধ্যে ইরাকি চিকিৎসক বিলাল আবদুল্লাহর বিরুদ্ধে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগ গঠন করা হয়েছে গত সপ্তাহে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.
bdnews24