লন্ডন, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র থেকে সরে এসে বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন আনার কথা শুক্রবার নাকচ করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। একটি দেশের শক্তি জোটের ওপরই নির্ভর করে, সামরিক শক্তির ওপর নয়--- ব্রাউনের এক মন্ত্রী এ মন্তব্য করার পর তিনি মার্কিন নীতি থেকে সরে না আসার ওই ইঙ্গিত দেন। বিবিসি বেতারে ব্রাউন বলেন, "তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবেই কাজ করে যাবেন।"
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ডগলাস অ্যালেক্সান্ডার ওয়াশিংটনে বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, "ব্রিটেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পাশে থাকার সময় আন্তনির্ভরশীল এই বিশ্বে বিচ্ছিন্নতাবাদ কাজে আসেনি।"
তিনি আরও বলেন, " বিংশ শতাব্দীদে একটি দেশের শক্তি মাপা হত দেশটির ধ্বংসক্ষমতা কতটুকু তা বিচার করে। কিন্তু একবিংশ শতাব্দীতে একটি দেশের শক্তি পরীক্ষা করা হবে সংঘবদ্ধ হয়ে কাজ করার মধ্য দিয়ে কী গড়া যায় তা বিচার করে।
অ্যালেক্সান্ডারের এই মন্তব্য ব্রিটেনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত--ব্রিটিশ গণমাধ্যমের এমন ব্যখ্যা নাকচ করে দিয়েছেন ব্রাউনের মুখপাত্র।
অ্যালেক্সান্ডার কি বুঝাতে চেয়েছেন জিজ্ঞেস করা হলে ব্রাউন বলেন, "আমরা জনগণকে যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে আলাদা করতে দেব না। বিশেষ করে বিশ্বব্যাপী আমরা যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছি সে ক্ষেত্রে তো নয়ই।"
ব্লেয়ারের বিদায়ের পর ব্রাউন বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন আনছেন কিনা যুক্তরাষ্ট্র সেদিকে নজর রেখেছে। ইরাক যুদ্ধে সমর্থন দেওয়ার কারণে ব্লেয়ারকে আগেই ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। আর এথেকে শিক্ষা নেওয়ার কথা বলে সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ব্রাউন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্লেয়ারের ঘনিষ্ঠতা অনেক ব্রিটিশেরই পছন্দ ছিল না। ফলে ব্রাউনের এই পদক্ষেপ ব্রিটিশরা ভালো চোখে নেবে কিনা তা নিয়ে সংশয় আছে।
বিবিসি বেতারে ব্রাউন বলেছেন, " যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্কই বজায় রাখবেন তিনি। তবে একইসঙ্গে তিনি ইইউ'র সঙ্গেও শক্তিশালী সম্পর্ক রক্ষা করতে চান বলে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ঘ.
bdnews24