নিউ ইয়র্ক, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রায় ছয়বছর পর ওই ঘটনাা ক্ষতিপূরণ মামলার শুনানি হতে যাচ্ছে। ৯/১১ হামলায় ব্যবহার করা বিমানগুলোর মালিক প্রতিষ্ঠান এবং সেগুলোর নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে ওইসব মামলা দায়ের করেন হতাহতদের আত্মীয়স্বজনরা। ম্যানহাটান জেলা জজ আলভিন হেলারস্টেইন আগামী সেপ্টেম্বরে ওই ধরনের ছয়টি মামলার শুনানি শুরুর ঘোষণা দেন এ সপ্তাহে। শুনানি শুরু হলে এটাই হবে নাইন ইলেভেন হামলায় কোনো ক্ষতিপূরণ মামলার প্রথম শুনানি।
কিন্তু বিরল এক পদক্ষেপে মার্কিন জেলা জজ আলভিন হেলারস্টেইন বলেছেন, এ শুনানিতে কেবল ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে এবং ক্ষতিপূরণ দেওয়ার দায়-দায়িত্ব কার ওপর বর্তাবে তা ঠিক করতে আরেকদফা বিচার প্রক্রিয়ায় যেতে হবে।
টুইন টাওয়ার হামলায় হতাহতদের আত্মীয়স্বজনের দায়েরকরা সবকটি মামলারই বিচারকের দায়িত্ব পালন করে আসছেন বিচারক হেলারস্টেইন। এখনও শুনানি হয়নি এমন ৪১ টি মামলার মধ্যে মাত্র ছটি ক্ষতিপূরণ মামলার শুনানি শুরুর ঘোষণা দিলেন তিনি। সেপ্টেম্বরের চার তারিখে ওই শুনানি শুরু হওয়ার কথা জানিয়েছেন বিচারক।
বিচারক হেলারস্টেইন বলেন,'কিছু কিছু পরিবার যেখানে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ প্রতিষ্ঠার আশা-প্রকাশ করছে' সেখানে এ ক্ষতিপূরণ মামলা অন্যসব মামলার বিচারপ্রক্রিয়াকেও উৎসাহিত করবে।
তিনি বলেন,"২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসবাদী বিমান হামলার মধ্য দিয়ে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা উপশমের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এ ক্ষতিপূরণ মামলা অন্য অনেক মামলাকেও পথ দেখাবে।"
তবে এ মামলাগুলো শেষ হতে অনেকদিন সময় লেগে যেতে পারে বলেও মন্তব্য করেছেন হেলারস্টেইন।
এসব ক্ষতিপূরণ মামলার বাদীরা মার্কিন কংগ্রেসের বিশেষ ক্ষতিপূরণ প্রকল্পে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ২৮৮০টি পরিবারের মধ্যে প্রায় ৫৯৯ কোটি ডলার বিতরণ করেছে কংগ্রেসের ওই প্রকল্প।
এখনও শুনানি হয়নি এমন ৪১টি মামলার মধ্যে রয়েছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট - ১১, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট - ১৭৫ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট - ৯৩ এ হতাহতদের আত্মীয়স্বজনের দায়ের করা ক্ষতিপূরণের মামলা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি ও ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবং ইউনাইটেড এয়ারলাইন্সের অপর ফ্লাইটটি পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ঘ.
bdnews24