নাহর আল বারেদ, লেবানন, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লেবাননের নাহর আল বারেদ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার পুরোদস্তুর সেনা অভিযান চালাতে শুরু করেছে সেনারা। লড়াইয়ে নিহত হয়েছে ৪ সেনা এবং আহত হয়েছে আরও ৯ সেনা। নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। ফাতাহ আল ইসলাম জঙ্গিদের গুলিতে সেনারা প্রাণ হারায়। এ ঘটনার পর সেনারা অভিযান আরও জোরদার করেছে। জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করতেই এই অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
তবে একে জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান বলতে নারাজ সেনাবাহিনী। তাদের ভাষ্য এর শধ্য দিয়ে জঙ্গিদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেনারা শিবিরের সবদিক থেকেই প্রচণ্ড বোমা হামলা চালাচ্ছে। প্রতি মিনিটে ৭/৮ টি করে শেল নিক্ষেপ করছে তারা। এর আঘাতে শিবিরের অর্ধেকই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ২১ জুনে নাহর আল বারেদে বড় ধরনের অভিযান শুরু ঘোষণা দেওয়ার পর এটাই ওই শিবিরে সবচে' শক্তিশালী সেনা অভিযান।
২১ জুনের প্রথম অভিযানের পর পরিস্থিতি শান্ত হয়ে আসলেও দুপক্ষে থেমে থেমে সংঘর্ষ চলছিল। ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে সেনারা ৮ সপ্তাহব্যাপী লড়াই করলেও তারা শিবিরে এতোদিন সাঁড়াশি অভিযান চালায়নি।
গত মাসের লড়াইয়ে সেনারা শিবিরের আশেপাশের জঙ্গি অবস্থানগুলো দখল করে নেয়। এবার তারা জঙ্গিদের উৎখাত করার লড়াইয়ে নেমেছে। নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, জঙ্গিরা বারবার কর্তৃপক্ষের আত্মসমর্পণের নির্দেশ অমান্য করায় এবার তাদের দমন করার উদ্যোগ নিল সেনারা।
উল্লেখ্য, ২০ মে থেকে ফাতাহ আল ইসলামের সঙ্গে লেবানিজ সেনাদের সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৮৭ জন সেনা, ৭৫ জন জঙ্গি এবং ৪৩ জন বেসামরিক নাগরিক। কয়েকটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনী শরণার্থী শিবিরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
এ হামলা শুরুর আগেই শিবিরের শেষ ফিলিস্তিনি নাগরিকটিও ইতোমধ্যেই শিবির ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সূত্রগুলো। দলে দলে শিবির ছেড়ে গেছে নারী ও শিশুরা। ফাতাহ ও পিএলও'র অন্যান্য উপদলের স্থানীয় প্রতিনিধিরাও শিবির ছেড়ে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনাবাহিনী শিবির ছেড়ে পালানোর সময় বেশ কয়েকজনকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। শিবিরে এর আগে সংঘর্ষের সময় শিবির ছেড়ে পালিয়েছে প্রায় ৪০ হাজার অধিবাসী। তবে তারপরও শিবিরে রয়ে গিয়েছিল কয়েক হাজার অধিবাসী।
ফাতাহ আল ইসলাম সিরিয়ার গোয়েন্দাগিরির হাতিয়ার বলে অভিযোগ করেছে লেবানন সরকার। কিন্তু সিরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। ফাতাহ আল ইসলামের ভাষ্য, আল-কায়েদার সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তবে তারা ওই দলের জঙ্গিদের আদর্শবাদকে সমর্থন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৭ঘ.
bdnews24