দুবাই, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লন্ডনে গাড়িবোমা উদ্ধার এবং গ্লাসগো বিমানবন্দরে জ্বলন্ত গাড়ি বিস্ফোরণের পর ব্রিটেনে আরো হামলার হুমকি দিয়েছেন আল-কায়দার ২য় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। মঙ্গলবার ওয়েবসাইটে পাঠানো ২০ মিনিটের একটি অডিও টেপে তিনি এ হুমকি দেন। পাশাপাশি তিনি সালমান রুশদীকে ব্রিটেনের নাইটহুড উপাধি দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।
টেপে জাওয়াহিরি বলেন,"সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উত্তরসূরীকে বলছি যে, আপনার পূর্বসূরীর নীতি আফগানিস্তান ও ইরাকে এমনকী লন্ডনের কেন্দ্রস্থলেও বিপর্যয় বয়ে এনেছে।" তিনি আরো বলেন, "আপনাদের যদি এখনও শিক্ষা না হয়ে থাকে তাহলে আমরা আবারও একইধরনের হামলার পুনরাবৃত্তি ঘটাব। যতদিন পর্যন্ত না আমরা বুঝবো আপনাদের পুরোপুরি শিক্ষা হয়েছে-- ততদিন একই ঘটনা ঘটতে থাকবে।"
লন্ডন ও গ্লাসগো বিমানবন্দরে ব্যর্থ হামলা প্রচেষ্টা আল-কায়েদারই কাজ-- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের এ মন্তব্যের কয়েকদিন পরই জাওয়াহিরির এই নতুন টেপ এল।
সালমান রুশদীকে ব্রিটেনের নাইটহুড উপাধি দেওয়ার বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করে জাওয়াহিরি বলেন, ইসলামকে অপমান করে যে ঔপন্যাসিক তাকে এ সম্মান দিযে রাণী এলিজাবেথ মুসলিম বিশ্বের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। রুশদি তার 'দ্য স্যাটানিক ভারসেস' উপন্যাসের জন্য মুসলমানদের সমালোচনার মুখে পড়েন এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়ায দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপন করে আছেন।
জাওয়াহিরি বলেন, যে মুসলমানরা রুশদীর নাইটহুডের প্রতিবাদে অন্তত যেটি করতে পারেন তা হল ব্রিটিশ পণ্য বর্জন। তবে ব্রাউনের এক মুখপাত্র জাওয়াহিরির বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, "তার কথায় সাড়া ওেয়ার ইচ্ছা আমাদের নেই। প্রধানমন্ত্রী যেমন বলেছেন ব্রিটিশ জনগণ সেভাবেই একতাবদ্ধ ও শক্তিশালী থাকবে তারা জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সন্ত্রাসী কর্মকান্ড ব্রিটেনের মাটিতে ঘটতে দেবে না।"
অডিও টেপে জাওয়াহিরি পাকিস্তানের মুসলমানদেরকে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধেও লড়াইয়ের আহ্বান জানান। ইসলামাবাদের লাল মসজিদে মুশাররফের সেনাবাহিনীর অভিযানের জবাবেই এই লড়াই শুরুর আহ্বান জানান জাওয়াহিরি।
তিনি বলেন, পাকিস্তানের মুসলিম ভাইদের বলছি, "মুশাররফের প্রতি চ্যালেঞ্জ ছুড়তে হলে বিক্ষোভ করে কিংবা নির্বাচন দিয়ে তা করা যাবে না। বরং আফগানিস্তানে জিহাদির সমর্থন দিয়ে মুশাররফের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১২৪০ঘ.
bdnews24