২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোর স্বাধীনতায় বিলম্বের ফল হবে নেতিবাচক: বান

জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার বলেছেন, কসোভোর চূড়ান্ত মর্যাদা নির্ধারণে কূটনৈতিক পদক্ষেপ নিতে দেরী হলে এর ফল হবে নেতিবাচক। তিনি বলেন, "এই অতি গুরুত্বপূর্ণ ইসুতে আরও বেশি কালবিলম্ব হলে গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। আর তা শুধু কসোভো কিংবা বলকান অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা ইউরোপ পরিস্থিতির জন্যই তা কাল হয়ে দাঁড়াবে।" কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদিউ এর সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে বান একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

প্রিস্টিনা, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার বলেছেন, কসোভোর চূড়ান্ত মর্যাদা নির্ধারণে কূটনৈতিক পদক্ষেপ নিতে দেরী হলে এর ফল হবে নেতিবাচক। তিনি বলেন, "এই অতি গুরুত্বপূর্ণ ইসুতে আরও বেশি কালবিলম্ব হলে গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। আর তা শুধু কসোভো কিংবা বলকান অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা ইউরোপ পরিস্থিতির জন্যই তা কাল হয়ে দাঁড়াবে।" কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদিউ এর সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে বান একথা বলেন। বান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কসোভোর স্বাধীনতা প্রশ্নে রাশিয়া এবং পশ্চিমাদের বিরোধ দূর করতে আলাপ-আলোচনার জন্য ১২০ দিন সময় দিয়ে একটি খসড়া প্রস্তাব পাস করবে বলে তিনি আশা করেন। পাশাপাশি কসোভোর স্বাধীনতা ঘোষণার একতরফা কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধেও সবাইকে সতর্ক করে দেন তিনি। পশ্চিমা দেশগুলো সোমবার আগামী সপ্তাহে কসোভোর স্বাধীনতার জন্য সিদ্ধান্ত নিতে নিরাপত্তা পরিষদকে চাপ দিয়েছে। কিন্তু পরিষদের প্রেসিডেন্ট চীন জানিয়েছে, বড় বড় শক্তিধর দেশগুলোর মধ্যে এখনও মতবিভেদ রয়েছে। এই মতভেদের কারণে জাতিসংঘে অচলাবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বান। জাতিসংঘ কসোভোর স্বাধীনতার দাবিতে সাড়া দিয়ে আশু কোনো ব্যবস্থা না নিলে বেলগ্রেড থেকে একতরফাভাবেই স্বাধীনতা ঘোষণার হুমকি দিয়েছেন জাতিগত আলবেনীয় নেতারা। কিন্তু রাশিয়া সার্বিয়ার অনুমতি ছাড়া এ সঙ্কট সমাধানের সমর্থন দিতে রাজি নয়। বান বলেন, "আমরা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে না পারায় উদ্বিগ্ন।" এর আগে যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীনতার দিন নির্ধারণ করে দেওয়ার আবেদন জানায় সার্বিয়ার প্রদেশ কসোভো। জাতিসংঘের মধ্য দিয়ে রাশিয়া সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করেছে--- এই অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে ওই আবেদন জানায় প্রিস্টিনা। কসোভোর জাতিগত আলবেনীয় প্রধানমন্ত্রী আজিম সেকু বলেন, "কসোভোর স্বাধীনতা প্রশ্নে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।" তিনি পুনরায় একতরফাভাবে কসোভোর স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দেন। সেকু বলেন, "রাশিয়ার বিরোধিতার কারণে জাতিসংঘ কসোভোর মর্যাদা নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারছে না।" কসোভোর সরকারি বেতারে সাপ্তাহিক ভাষণে সেকু একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ১০ জুনের একটি বিবৃতি তুলে ধরেন সেকু। বুশ বলেছিলেন, "রাশিয়া কসোভোর স্বাধীনতার বিরোধিতা করতে থাকলে পশ্চিমারা আরও তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তখন আমরা বলব হয়েছে, যথেষ্ট হয়েছে।" সেকু বলেন, "এই যথেষ্ট হয়েছে কথাটি বলতে একটি নির্দিষ্ট দিন থাকা প্রয়োজন। আমাদের একটি সুস্পষ্ট দিনপঞ্জি দরকার। দারকার কসোভোর মর্যাদা নিরূপণী সঙ্কট সমাধানে জন্য একটি সুস্পষ্ট পথ এবং দিন।" উল্লেখ্য, কসোভোর ২০ লাখ জাতিগত আলবেনীয় ক্রমেই স্বাধীনতা পাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠছে। ন্যাটো বাহিনী কসোভো থেকে সার্বদের বিতাড়িত করা এবং কসোভো জাতিসংঘের নিয়ন্ত্রণে আসার ৮ বছর পর আলবেনীয়রা এখন স্বাধীনতার জন্য মরিয়া। কিন্তু সার্বিয়ার মিত্র রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্র এই বিরোধিতার মুখে একতরফাভাবেই কসোভোর স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দিয়েছে। কিন্তু জাতিসংঘ প্রস্তাবনার বৈধ ভিত্তি ছাড়া এ পদক্ষেপে সদস্যদেশগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা সম্ভব হবে তিনা তা নিয়ে ইইউ সংশয়ে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ঘ.