২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদে সেনা অভিযানে বিদ্রোহী জঙ্গি নেতা নিহত

ইসলামাবাদের লাল মসজিদে এক সপ্তাহ ধরে চলমান অচলাবস্থা নিরসনে সেনাদের পুরোমাত্রায় শুরু করা দমনাভিযানে বিদ্রোহী জঙ্গি নেতা আব্দুল রশীদ গাজী নিহত হয়েছেন। মসজিদের বেজমেন্টে তার লাশ পাওয়া গেছে। সেনাদের ১৫ ঘন্টার লড়াইয়ের পর প্রায় ৬০ জন জঙ্গিসহ নিহত হন রশীদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেনাদের রুখে দাঁড়ানোর চেষ্টা নিয়েছিলেন। জিম্মি নারী ও শিশুদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 06:56 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ইসলামাবাদ, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসলামাবাদের লাল মসজিদে এক সপ্তাহ ধরে চলমান অচলাবস্থা নিরসনে সেনাদের পুরোমাত্রায় শুরু করা দমনাভিযানে বিদ্রোহী জঙ্গি নেতা আব্দুল রশীদ গাজী নিহত হয়েছেন। মসজিদের বেজমেন্টে তার লাশ পাওয়া গেছে। সেনাদের ১৫ ঘন্টার লড়াইয়ের পর প্রায় ৬০ জন জঙ্গিসহ নিহত হন রশীদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেনাদের রুখে দাঁড়ানোর চেষ্টা নিয়েছিলেন। জিম্মি নারী ও শিশুদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল সিমা জানান, "গাজীকে জঙ্গিরা ঘিরে রেখেছিল। তারা তাকে আত্মসমর্পণ করতে দেয়নি। পরে গাজী ক্রসফায়ারে নিহত হন।" এদিকে, বিবিসি জানিয়েছে, "সেনাদের হামলার মুখে জঙ্গি নেতা আব্দুল রশীদ অন্যান্যদের নিয়ে বেজমেন্টে আশ্রয় নেন। কর্মকর্তারা বলছেন, আত্মসমর্পণের চেষ্টা নেওয়ার পরপরই তিনি নিহত হন।" স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিমা জানান, রশীদের মৃত্যুর পরও মসজিদের বাদবাকী জঙ্গিরা প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে। আব্দুল রশীদ মসজিদে অবরুদ্ধ জঙ্গিদের উপনেতা ছিলেন। আর শীর্ষ জঙ্গি নেতা হচ্ছেন রশীদের ভাই মওলানা আব্দুল আজিজ। তিনি এর আগে ছাত্রীদের সঙ্গে বোরখা পরে পালানোর সময় ধরা পড়েন। রশীদ মারা যাওয়ার আগে মসজিদে সেনা অভিযানের জন্য কর্তৃপক্ষকে দোষারোপ করেছিলেন। পাকিস্তানের জিও টেলিভিশনে তিনি বলেছিলেন, আমার শহীদ হওয়াটা এখন নিশ্চিত হয়ে পড়েছে। মসজিদ ও মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ নারী ও শিশুদের বাইরে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সোমবার সমঝোতার শেষ চেষ্টা ব্যর্থ হয়ে গেলে মঙ্গলবার ভোর থেকে মসজিদে হামলা চালানো শুরু করে সেনারা। দুই তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণও নিয়ে নেয় তারা। পুরো মাত্রার এ অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৫০ জন জঙ্গি ও ৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং প্রায় ৫০ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অবরুদ্ধ নারী ও শিশুদের মধ্যে প্রায় ৩০টি শিশু ও ২৪ জন নারী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে বলে জানান সেনারা। সেনা মুখপাত্র মেজর জেনারেল আরশাদ ওয়াহিদ জানান, মসজিদ কমপ্লেক্সের ভেতরে অসংখ্য মাইন পেতে রাখা আছে এবং শক্ত প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সেনাদের। তবে ধীরে হলেও অগ্রসর হচ্ছে সেনারা। মুখপাত্র জানান, মসজিদের ভেতরে চারদিকে থেকে নিজেকে রক্ষার জন্য ব্যারিকেডের মতো করে পাহারা বসিয়েছে জঙ্গিনেতা আব্দুল রশিদ গাজী। তিনি জানান, সেখানে প্রায় প্রতিটি কক্ষে অবস্থান নেয় জঙ্গিরা, অবস্থান নেয় সিঁড়িতে এবং ভবনের বেজমেন্টে। ফলে খুব ধীরে ধীরে আগাতে হয় সেনাদের। আরশাদ জানান, দুই তৃতীয়াংশ এলাকা সেনাদের নিয়ন্ত্রণে আসার পর ভেতর থেকে বেরিয়ে এসেছে প্রায় ৩০টি শিশু ও ২৪ জন নারী। তবে ভেতরে আরও কতো নারী ও শিশু রয়েছে সে বিষয়ে নিশ্চিত নন তারা। জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে এ আশংকায় অভিযানে অংশ নেওয়া সেনাদের মধ্যে 'আত্মঘাতী হামলাপ্রতিরোধ বর্ম' বিতরণ করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার ভোরে সরকার জানায় যে সমঝোতার আলোচনা ভেস্তে গেছে। সোমবার সন্ধ্যায় সমঝোতা আলোচনা ভেঙ্গে যাওয়ার পরপরই সেখানে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মসজিদ চত্বর। এরপর ভোরে শুরু হয় পুরোমাত্রার সেনা অভিযান। সোমবার পাকিস্তানের মাদ্রাসা তদারকির দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা কারী হানিফ জালুন্দ্রি বলেন, "আমরা রক্তক্ষয় এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিশেষ করে জিম্মি নারী ও শিশুদের কথা আমরা মাথায় রেখেছি।" মুসলিম পন্ডিতদের একটি প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সুজাত হোসেন মসজিদের বাইরে থেকে মাইকে জঙ্গিদের প্রতি নারী ও শিশুসহ আহত ও নিহতদের বাইরে পাঠানোর আবেদন জানান। তিনি বলেন, "আমরা শেষ অনুরোধ জানাতে এখানে এসেছি। আমরা মৃতদেহ হস্তান্তর করাসহ আহতদের চিকিৎসার জন্য মসজিদের বাইরে পাঠানোর অনুরোধ জানাচ্ছি। আমরা আলোচনা প্রক্রিয়াও এগিয়ে নেওয়ার চেষ্টা করব।" সরকার মসজিদের তালেবান ধাঁচের আন্দোলনের নেতা আব্দুল রশীদ গাজী ও তাদের অনুসারীদের হয় আত্মসমর্পণ নয়ত মৃত্যুবরণ--- দুয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার আলটিমেটাম দিয়েছিল রোববার। কিন্তু গাজী স্পষ্টই জানিয়েছেন, তিনি ও তার অনুসারীরা ধরা দেওয়ার বদলে মৃত্যুবরণ করতে প্রস্তুত। তবে সোমবারও জিম্মিদের মুক্ত করতে কমান্ডো অভিযান চালিয়েছে সেনারা। রোববার সেনারা বিস্ফোরণ ঘটিয়ে মসজিদের দেয়াল ভেঙে জিম্মিদের মুক্ত করার চেষ্টা চালায়। মসজিদ ও তৎসংলগ্ন বালিকা মাদ্রাসায় অবরুদ্ধ জঙ্গিরা এর পাল্টা জবাব দেয় গুলি ছুঁড়ে। এতে অভিযানে নিয়োজিত সেনা ইউনিটের কমান্ডার নিহত হন। সেনাবাহিনী একথা জানায়। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার জঙ্গিদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, তারা আত্মসমর্পণ না করলে মারা পড়বে। মুশাররফ বলেন, "জঙ্গিদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। আত্মসমর্পণ না করলে তাদের মেরে ফেলা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২১১৩ঘ.