জাকার্তা, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের মামলা করেছে দেশটির সরকার। ক্ষমতায় থাকাকালে একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করায় ওই অর্থ ফেরৎ চেয়ে সোমবার এ মামলা করা হয়। এর আগেও সুহার্তোর বিরুদ্ধে দুর্নীতির মামলা হলেও অসুস্থতার কারণে তাকে বিচার থেকে রেহাই দেওয়া হয়।
সরকারি কৌশুলি ডাচমের মুনথে বলেন,"সুপারসেমার ফাউন্ডেশনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করেছি আমরা। ওই ফাউন্ডেশনের সাবেক প্রধান সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ওই মামলায় আসামী করা হয়েছে।"
তিনি জানান,"সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া এবং শিক্ষা সহায়তা দেওয়ার কথা ওই ফাউন্ডেশনের। কিন্তু তা না করে অন্য উদ্দেশ্যে ভিন্নভাবে রাষ্ট্রীয় তহবিল ব্যয় করেছে তারা।"
আইনজীবিরা আরও জানান ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন খাত থেকে প্রায় ৪২ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে ওই প্রতিষ্ঠানটি। এ বিপুল অর্থের একটা বড় অংশেরই কোনো সঠিক হিসেব নেই প্রতিষ্ঠানটির কাছে।
একটানা ৩২ বছর দেশ শাসনের পর ১৯৯৮ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সুহার্তো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১৫ ঘ.
bdnews24