লন্ডন, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরাক যুদ্ধ সমর্থন করা না করা নিয়ে চরম দ্বিধায় কাল কাটিয়েছেন। ব্লেয়ারের ঘনিষ্ঠ সহযোগী অ্যালেস্টাইর ক্যাম্পবেল সোমবার একথা স্বীকার করেছেন। কিন্তু তিনি বলেন, ব্লেয়ারের এ নিয়ে কোনো ভাবান্তর ছিলনা।
ব্লেয়ার সরকারের সাবেক গণমাধ্যম উপদেষ্টা ক্যাম্পবেল বলেন, "মন্ত্রীসভায় ইরাক যুদ্ধ নিয়ে দ্বিধা থাকলেও ব্যক্তিগতভাবে ব্লেয়ারের কোনো দ্বিধা ছিল না।"
তিনি আরও বলেন, "ইরাক যুদ্ধে সমর্থন দেওয়া হবে কি হবে না তা নিয়ে আমার মনে হয়, আমাদের সবারই প্রতিটি মুহূর্ত চরম দ্বিধায় কেটেছে। কিন্তু ব্লেয়ারের এমন কোনো দ্বিধা আসলেই ছিল না। কিংবা থেকে থাকলেও হয়ত তিনি তা আমাদের কাছ থেকে আড়াল করেছেন।"
ডায়েরিতে ক্যাম্পবেল কথাগুলো লেখেন। এটি সোমবার প্রকাশ করা হয়।
ক্যাম্পবেল বলেন, "২০০৩ সালে ইরাক আগ্রাসনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে ১৭ মার্চে মন্ত্রীসভায় আলোচনার সময় ব্লেয়ারের ডেপুটি জন প্রেসকট এবং অন্যান্য মন্ত্রীদের শারিরীকভাবে অসুস্থ দেখাচ্ছিল। পরের দিন ১৮ মার্চ ব্লেয়ার ইরাক আগ্রাসনের জন্য পার্লামেন্টের সমর্থন পান।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৭ঘ.
bdnews24