ইসলামাবাদ, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানে লাল মসজিদের অচলবস্থা নিরসনের শেষ চেষ্টা চলছে। মসজিদে অবরুদ্ধ জঙ্গিদের ওপর হামলা এড়াতে শান্তি প্রচেষ্টা শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন মুসলিম ধর্মগুরুরা। কর্তৃপক্ষ সোমবার আত্মসমর্পণের শেষ সুযোগের ব্যাপারে জঙ্গিদের সতর্ক করে দেওয়ার পর এ প্রক্রিয়া শুরু হল। মুসলিম পন্ডিতরা ইতোমধ্যেই জঙ্গিদের প্রতি নারী ও শিশুসহ আহত ও নিহতদের মসজিদের বাইরে পাঠিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।
পাকিস্তানে মাদ্রাসা তদারকির দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা কারী হানিফ জালুন্দ্রি বলেন, "আমরা রক্তক্ষয় এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিশেষ করে জিম্মি নারী ও শিশুদের কথা আমরা মাথায় রেখেছি।"
মুসলিম পন্ডিতদের একটি প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সুজাত হোসেন মসজিদের বাইরে থেকে মাইকে জঙ্গিদের প্রতি নারী ও শিশুসহ আহত ও নিহতদের বাইরে পাঠানোর ওই আবেদন জানান।
তিনি বলেন, "আমরা শেষ অনুরোধ জানাতে এখানে এসেছি। আমরা মৃতদেহ হস্তান্তর করাসহ আহতদের চিকিৎসার জন্য মসজিদের বাইরে পাঠানোর অনুরোধ জানাচ্ছি। আমরা আলোচনা প্রক্রিয়াও এগিয়ে নেওয়ার চেষ্টা করব।"
মসজিদের ভেতরে এখনও জিম্মি হয়ে আছে শ'শ' নারী ও শিশু। সরকার বলছে, তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করতেই জিম্মি করে রাখা হয়েছে। জালুন্দ্রি ও অন্যান্য ধর্মীয় নেতারা সোমবার আপোস করার আবেদন জানাতে প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে দেখা করবেন।
সরকার মসজিদের তালেবান ধাঁচের আন্দোলনের নেতা আব্দুল রশীদ গাজী ও তাদের অনুসারীদের হয় আত্মসমর্পণ নয়ত মৃত্যুবরণ--- দুয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার আলটিমেটাম দিয়েছে।
কিন্তু গাজী স্পষ্টই জানিয়েছেন, তিনি ও তার অনুসারীরা ধরা দেওয়ার বদলে মৃত্যুবরণ করতে প্রস্তুত। দুপক্ষের এই অনঢ় অবস্থানের কারণে অচলবস্থা কাটছেনা লাল মসজিদে। জালুন্দ্রি রয়টার্সকে বলেন, "আমরা চাই দুপক্ষই নমনীয় হোক। কিন্তু দুপক্ষের মধ্যে সমঝোতপূর্ণ আলাপ-আলোচনা হওয়ার সময় ফুরিয়ে আসছে।"
পাকিস্তান কর্তৃপক্ষ রোববার মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে। কিন্তু জঙ্গিরা এতে সাড়া না দেওয়ায় তাদের ওপর হামলা আসন্ন বলেই ধারণা করা হচ্ছে। কেবলমাত্র জিম্মি নারী ও শিশুদের কথা চিন্তা করে সেনাবাহিনী মসজিদে পুরোদস্তুন হামলা চালাচ্ছে না বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
তবে জিম্মিদের মুক্ত করতে কমান্ডো অভিযান চালিয়েছে সেনারা। রোববার সেনারা বিস্ফোরণ ঘটিয়ে মসজিদের দেয়াল ভেঙে জিম্মিদের মুক্ত করার চেষ্টা চালায়। মসজিদ ও তৎসংলগ্ন বালিক মাদ্রাসায় অবরুদ্ধ জঙ্গিরা এর পাল্টা জবাব দেয় গুলি ছুঁড়ে। এতে অভিযানে নিয়োজিত সেনা ইউনিটের কমান্ডার নিহত হন। সেনাবাহিনী একথা জানায়। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার জঙ্গিদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে মারা পড়বে।
মুশাররফ বলেন, "জঙ্গিদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। আত্মসমর্পণ না করলে তাদের মেরে ফেলা হবে।" পাকিস্তানের কয়েকমাসের উত্তেজনার মধ্যে মঙ্গলবার লাল মসজিদ চত্বরে মাদ্রাসার জঙ্গি শিক্ষার্থীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের পর থেকেই ওই এলাকা ঘিরে রেখেছে শ'শ' পাকিস্তানি পুলিশ।"
সেনারা ইতমধ্যেই মসজিদের দেয়ালে এর আগে ৪/৫ টি ফুটো করেছে। গতরাতে তারা আরও ২/৩ টি ফুটো করে। আর একাজ চলার মাঝেই মসজিদের ভেতর থেকে জঙ্গিদের গুলি ছুটে আসছে। এতে নারী ও শিশু উদ্ধার মিশনের নেতৃস্থানীয় লেফটেন্যান্ট কর্নেল নিহত হয়েছেন এবং আরেকজন কমান্ডো আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
সরকার ও সেনা কর্মকর্তারা বলছেন, মসজিদে ৫০ থেকে ৬০ জন কট্টরপন্থী জঙ্গি আছে। এদের মধ্যে কেউ কেউ আল-কায়েদা সংশ্লিষ্ট দলের সদস্য। তারাই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এবং নারী ও শিশুদের মানবঢাল হিসাবে ব্যবহার করছে। পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী মোহম্মদ ইজাজউল হক এক সংবাদ সম্মেলনে বলেছেন, মসজিদে অবরুদ্ধ জঙ্গিরা পাকিস্তানসহ বিদেশেও ওয়ান্টেড তালিকায় আছে। এদের কেউ কেউ বিদেশী বলেও ধারণা করা হচ্ছে। গাজী বলেছেন, তার সঙ্গে আছে প্রায় ২ হাজার অনুসারী । তবে কোন জঙ্গি নয়।
তালেবান ধাঁচের আন্দোলনের নেতা আব্দুল রশীদ গাজী রেব্বার পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে তার ৩০০রও বেশি অনুসারী নিহতের দাবি করেন। এদের বেশির ভাগই নারী বলে জানান তিনি। তবে তথ্যমন্ত্রী আলী দুরানি তার এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন।
এর আগে লাল মসজিদের অচলাবস্থা কাটাতে উগ্রবাদী নেতা আব্দুল রশিদ গাজীর সঙ্গে দেখা করতে চান পাকিস্তানের ইসলামপন্থী রাজনীতিকরা। কিন্তু আব্দুল রশিদ বলছেন, মৃত্যুবরণ করতে হলেও কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না তিনি। এদিকে শনিবার সকালেও লাল মসজিদ এলাকায় ব্যাপক গোলাগুলি ও ভারী গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গেছে।
এদিকে শুক্রবারে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হত্যার প্রচেষ্টা সম্পর্কে দেশটির সরকার বলেছে মুশাররফের বিমানের সঙ্গে বিমানবন্দর এলাকার ওই গোলাগুলির কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন তারা।
পাকিস্তানের একটি ইসলামপন্থী দলের নেতা ও পার্লামেন্টের সদস্য সামিয়া রাহিল কাজী বলেছেন অচলবস্থা নিরসনে মাদ্রাসা কর্তৃপক্ষকে রাজি করাতে লাল মসজিদে গিয়ে আলোচনা করতে চান তারা।
তিনি বলেন," আমরা চাই সরকার এ অভিযান বন্ধ করুক। আমরা এটাও চাই যে মসজিদ কর্তৃপক্ষ তাদের অনড় অবস্থান থেকে সরে আসুক এবং ছেলেমেয়েদের হস্তান্তর করুক।"
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালেও তুমুল গোলাগুলি হয়ছে ওই এলাকায়। গোলাগুলিতে এক সেনা নিহত হয়েছেন এবং তার লাশ পড়ে থাকতে দেখেছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। কিন্তু কর্তৃপক্ষ কোনো হতাহতের কথা স্বীকার করেননি।
শুক্রবার মসজিদ থেকে বেরিয়ে আসা এক শিক্ষার্থী জানিয়েছে, বয়স্ক ছাত্ররা কম বয়সী ছাত্রদের মসজিদের ভেতরে থাকতে বাধ্য করছে। আরেক শিক্ষার্থী জানায় মসজিদের ভেতরে খাবার ও পানি ফুরিয়ে আসছে। ভেতরে কয়েকজন আহত ছাত্রও রয়েছে বলে জানায় সে।
শনিবার সকালে রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে লাল মসজিদ নেতা আব্দুল রশিদ গাজী বলেছেন,"আমি আমার অবস্থান থেকে সরছি না, আত্মসমর্পণের প্রশ্নই আসে না।"
তবে ইসলামপন্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন বলে জানান তিনি। রশিদ জানান শুক্রবার সেনাদের গুলিতে তিন ছাত্র নিহত হয়েছে। ছাত্রছাত্রীদের জোর করে আটকে রাখা এবং তাদের মানবঢালহিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সরকারের অভিযোগ নাকচ করে দেন আব্দুল রশিদ।
এর আগে পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আজিম খান বলেছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে আসা কয়েকজন শিক্ষার্থী মানবঢাল হিসাবে শিশুদের ব্যবহৃত হওয়ার কথা জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে খান বলেন, "সশস্ত্র জঙ্গিরা মসজিদ কক্ষে বহু নারী ও শিশুকে জিম্মি করে রেখেছে।" তিনি আরও জানান, "আটক জঙ্গি নেতা আজিজের ভাই মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসার বেজমেন্টে ২৫ জন নারীকে জিম্মি করে লুকিয়ে আছে।"
আজিম বলেন, " হ্যাঁ। তারা মানবঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। মসজিদ ছেড়ে বাইরে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানিয়েছে, জঙ্গিরা জিম্মিদের উদ্বিগ্ন হতে মানা করছে। নারী ও শিশুদের তারা বলছে, উদ্বিগ্ন হবেন না। কারণ, আপনারা যতক্ষণ এখানে আছেন ততক্ষণ নিরাপত্তা বাহিনী আমাদের আক্রমণ করবে না।"
এর আগে লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজ বুধবার সন্ধ্যায় একদল ছাত্রীর সঙ্গে বোরখা পরে পালানোর সময় আটক হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২২ঘ.
bdnews24