লন্ডন, ৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেন ও অস্ট্রেলিয়া জুড়ে চলমান তদন্তে লন্ডন ও গ্লাসগো বিমানবন্দরে গাড়ি বোমা হামলার পরিকল্পনাকারী চক্রকে ধরার কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শুক্রবার একথা জানিয়েছেন।
সন্দেহভাজন জঙ্গিদের ধরতে চলামান তদন্ত প্রক্রিয়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে কথা হয়েছে বলে জানান ব্রাউন।
এ ঘটনায় ইতোমধ্যে ৮ জন ধরা পড়ার পর আরও সন্দেহভাজনকে ধরতে হাসপাতালে হাসপাতালে তল্লাশি শুরু করেছে অস্ট্রেলিয়া। ইতমধ্যেই দুটো হাসপাতালে তল্লাশি চালিয়েছে পুলিশ।
ব্রাউন বলেছেন, "এই তদন্ত এখন আন্তর্জাতিক তদন্তে রূপ নিয়েছে। তদন্ত কাজ সম্পর্কে আমি যতটুকু জেনেছি, তাতে আমার বিশ্বাস যে আমরা পরিকল্পনাকারী চক্রকে প্রায় ধরে ফেলার পথেই রয়েছি।
তিনি আরও বলেন "আমি চাই জনগণ জানুক আমরা ভবিষ্যতে এ ধরনের সম্ভাব্য কোনো হামলা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিয়েছি।" বিবিসিতে ব্রাউন একথা বলেন।
এর আগে গ্লাসগো বিমানবন্দরে গাড়ি বিস্ফোরণ পরিকল্পনাকারীর আত্মঘাতী চিঠি উদ্ধার করে ব্রিটিশ পুলিশ। লন্ডন ও স্কটল্যান্ডে আল-কায়েদা স্টাইলে হামলা পরিকল্পনার ঘটনা তদন্তে পুলিশ ওই চিঠি পায়। সিএনএন একথা জানায়।
পুলিশ কোথায় ওই চিঠিটি পেয়েছে সিএনএন তা জানায়নি। তবে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে, গ্লাসগো বিমানবন্দরের টার্মিনালে জ্বলন্ত গাড়ী বিস্ফোরণ ঘটাতে আসা দুজনের একজন ওই চিঠিটি ফেলে গেছে। তবে পুলিশ এ খবরটি নিশ্চিত করেনি।
গ্লাসগো বিমানবন্দরে গাড়ী নিয়ে ঢুকে পড়া দুজনের একজন মারাত্মকভাবে দগ্ধ হয়। পুলিশ তার নাম জানায়নি। গুরুতর আহত এই ব্যক্তিকে গ্লাসগোর রয়েল অ্যালেক্সান্ডার হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ বলেছে, অন্যজনের নাম বিলাল আব্দুল্লাহ। তিনি ইরাকে প্রশিক্ষিত ডাক্তার। লন্ডনে আটক সন্দেহভাজন ৫ জনের সঙ্গে তাকেও আটক রাখা হয়েছে।
তদন্ত কাজ চলতে থাকায় ব্রিটিশ কর্তৃপক্ষ বুধবার হামলার সতর্ক সংকেত শিথিল করেছে। আসন্ন আরেকটি হামলার আপাতত আর কোনো আলামত নেই বলে জানিয়েছে তারা। তদন্তকারীরা বলছেন, মূল পরিকল্পনাকারীরা সব গ্রেফতার হয়ে গেছে বলেই মনে করছেন তারা।
৮ জন পুলিশি হেফাজতে রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় আটক একজনও রয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আটক প্রত্যেকেই ডাক্তারি পেশার সঙ্গে জড়িত। ২ জন সন্দেহভাজন ভারতীয়। আর বাদবাকীরা মধ্যপ্রাচ্যের।
'দ্য মিরর' দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ জন সন্দেহভাজন ২০০৫ সালে কেমব্রিজে দেখা করেছিল। কিন্তু তারা তখনও দল গড়েনি।
উল্লেখ্য, ২০০১ সালে ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা এবং এর পর ইরাকে আগ্রাসনের মার্কিন পদক্ষেপে ব্রিটেনের শামিল হওয়ার পর থেকেই দেশটিতে সন্ত্রাসী হামলা পরিকল্পনা বেড়েছে।
২০০৫ সালে ৪ তরুণ ব্রিটিশ মসিলিম লন্ডনে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে ৫২ জন নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৬ঘ.
bdnews24