সানা, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি)--ইয়েমেনের মারিব প্রদেশের কুইন অব সেবা মন্দিরে সোমবার আল-কায়েদার সন্দেহজনক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৭ স্প্যানিশ পর্যটক ও ২ ইয়েমেনিসহ ৯ জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ডজনেরও বেশি জনকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা আল-কায়েদাকেই ওই হামলার জন্য দায়ী করেছেন।
কর্মকর্তারা জানান, আটককৃতদের ১০ জনের সঙ্গে আল-কায়েদার যোগসাজস আছে বলেই আমরা ধারণা করছি। তাদেরকে সানা, আবায়ান এবং আদেয়ান-- এই তিন এলাকা থেকে আটক করা হয়েছে।
এক নিরাপত্তা সূত্র সোমবার জানায়, বোমা হামলাকারী সম্ভবত দোষী সাব্যস্ত ১৩ জন আল-কায়েদা সদস্যেরই একজন। যে ২০০৬ সালে জেল থেকে পালিয়ে গিয়েছিল। এর আগে সালেহ জানিয়েছিলেন, এ পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণে ওই ব্যক্তি ইয়েমেনি আরব নয় বলেই প্রতীয়মান হয়েছে।
ওই ঘটনার পর ইয়েমেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সরকারি ভবন, কার্যালয় এবং দূতাবাসগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামলার ঘটনায় জড়িতদের ধরতে ৭৫ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
সালেহ এর আগে জানান, ইয়েমেন গত সপ্তাহেই হামলার সতর্ক সংকেত পেয়েছিল। কিন্তু কোথায় এবং কখন হামলা হবে তা বুঝতে পারেনি।
এক সংবাদ সম্মেলনে সালেহ বলেন, "নিরাপত্তা বাহিনী ৪ দিন আগেই আসন্ন হামলা সম্পর্কে তথ্য পেয়েছিল। কিন্তু কোথায়, কখন এ হামলা হবে তা জানতে পারেনি। হামলার আভাস পেয়ে হামলা হতে পারে এমন কয়েকটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যেমন: তেলক্ষেত্রগুলো। কিন্তু আমরা ওই মন্দিরের কথা চিন্তা করিনি।"
উল্লেখ্য, সোমবার বিকেলে পর্যটকরা মারিবের 'কুইন অব সেবা' মন্দির থেকে গাড়িতে করে ফেরার সময় হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়। এতে গাড়ির ইয়েমেনি চালক এবং পর্যটকদের গাইড নিহত হন। আহত হন অপর দুই ইয়েমেনি।
সূত্র জানায়, "নিরাপত্তা কর্মীরা হামলার সঙ্গে জড়িতদের ধরার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং অপরাধীরা কঠোর সাজা পাবে।"
এর আগে নিরাপত্তা বাহিনীর এক সূত্র রয়টার্সকে জানান, গত সপ্তাহে আলকায়েদা এক বিবৃতিতে ইয়েমেনে আটক কয়েকজন আল-কায়েদা সদস্যের মুক্তির দাবি জানায় এবং মুক্তি দেওয়া না হলে হামলা চালানোর হুমকি দেয়। এ ঘটনার পরপরই এ হামলা হল।
স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্রাঞ্জেল মরান্তিনোস বলেন, মন্দির থেকে ফেরার পথে বোমা হামলার সময় পর্যটকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন।
তিনি সাংবাদিকদের জানান, "গাড়ি বহরে ৪ টি গাড়ি ছিল। এর প্রথম ও শেষেরটি ছিল নিরাপত্তা বাহিনীর। হামলাকারিদের বোমা বহনকারী গাড়িটি পর্যটকদের গাড়ি দুটিকে আঘাত করে। এতেই ৭ জন নিহত এবং আরও ছয় জন আহত হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩২ঘ.
bdnews24