২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুন্দরের গ্রাসে সুন্দরের প্রতিমা তাজমহল

তাজমহলের ক্ষয়রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একদিকে বিশ্বের নতুন সপ্তমাশ্চর্যের তালিকায় তাজমহলের স্থান পাওয়া নিয়ে কোটি কোটি ভারতবাসীর আগ্রহ আর অন্যদিকে অসচেতনতার কারণে পরিবেশ বিপর্যয় এবং দিনদিন তাজমহলের ক্ষয়ে যাওয়া রোধে দেশটির ব্যর্থতা এক চরম বাস্তবতা নিয়ে হাজির হয়েছে ভারতবাসীর সামনে। একদিকে মানবসৃষ্ট সুন্দরের প্রতিমা 'তাজ' আর অন্যদিকে মানুষেরই অসুন্দরের বসতির করাল গ্রাস সেই তাজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

আগ্রা, ভারত, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- তাজমহলের ক্ষয়রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একদিকে বিশ্বের নতুন সপ্তমাশ্চর্যের তালিকায় তাজমহলের স্থান পাওয়া নিয়ে কোটি কোটি ভারতবাসীর আগ্রহ আর অন্যদিকে অসচেতনতার কারণে পরিবেশ বিপর্যয় এবং দিনদিন তাজমহলের ক্ষয়ে যাওয়া রোধে দেশটির ব্যর্থতা এক চরম বাস্তবতা নিয়ে হাজির হয়েছে ভারতবাসীর সামনে। একদিকে মানবসৃষ্ট সুন্দরের প্রতিমা 'তাজ' আর অন্যদিকে মানুষেরই অসুন্দরের বসতির করাল গ্রাস সেই তাজে। ১৭ বছর ধরে ২০,০০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে তৈরী মুঘল সম্রাট শাহজাহানের স্বপ্নের শ্বেত মর্মরের স্মৃতিসৌধটি ভারতবাসীর গর্বের ধন হলেও এ সম্পদ রক্ষায় তাদের মন নেই বলেই মনে করছেন পরিবেশবাদী ও ঐতিহ্য সংরক্ষণবিদেরা। পরিবেশবিদরা বলছেন যমুনার জলে 'তাজের' প্রতিচ্ছবি কিংবা পূর্নিমার রাতে সাদা মার্বেলে চাঁদের আলোর বিচ্ছুরণ তো দূরে থাক দিনের বেলাতেই ওই শ্বেতসৌধের অপরূপ শোভা আর দেখা যাবে না ! পরিবেশের এ বিপর্যয় চলতে থাকলে সোনালি যৌবন হারিয়ে ধীরে ধীরে বয়োবৃদ্ধ রুগ্ন ব্যক্তির মতো জরাজীর্ণ হয়ে যাবে 'তাজ' ! তাজমহল রক্ষা আন্দোলনের একজন নেতৃস্থানীয় প্রচারক কে সি রানা বলেন, "পরিবেশ দূষণের কারণে এক ধরনের ক্ষয়ের মুখে পড়ছে তাজমহল। তাজের শ্বেত পাথরের মসৃণতা কমে যাচ্ছে।" আগ্রা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ও বিশিষ্ট ইতিহাসবিদ সুগম আনন্দ বলেন,"এটা সত্য যে ক্রমবর্ধমান দূষণের কারণে, বায়ুমণ্ডলে দূষণকারী উপাদানের মাত্রা বেড়ে যাওয়ায় তাজমহলের খুব দ্রুত ক্ষয় হচ্ছে।" তিনি বলেন,"তাজের অপমৃত্যু ঠেকানোর জন্য এখন এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে আমাদের।" তাজমহলের আশপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হলেও তেমন কার্যকর ফল পাওয়া যায়নি কোনোটিতেই। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য আগ্রায় একটি 'বাযুদূষণ পর্যবেক্ষণ কেন্দ্র' স্থাপন করেছিল ভারত সরকার। কিন্তু ৪০ লাখ জনগোষ্ঠীর ক্রমবর্ধিষ্ণু আগ্রা নগরীর কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান আর জনবসতির দূষণ কমানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যুৎ সরবরাহের অভাবে প্রতিদিনই বিকল্প জ্বালানি ব্যবহার করে জেনারেটর চালাতে হয় এসব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানকে। আর এ জ্বালানির ব্যবহারই বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস। আশপাশের এলাকার গ্লাস কারখানা ও অন্যান্য কারখানাগুলোকে তাদের চুল্লিতে কয়লার বদলে গ্যাস ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও পরিবর্তন হয়েছে খুব সামান্যই। তবে এসবের জন্য সুষ্ঠু পরিকল্পনার অভাব ও কঠোর আইনে প্রয়োগে সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তবে পরিবেশের দূষণ যতো মারাত্মকই হোক এখনও প্রায় ২০,০০০ পর্যটক প্রতিদিন হেঁটে বেড়াচ্ছেন 'তাজের' মোহন রূপে মোহিত হয়ে। তাজ দেখতে আসা মার্কিন পর্যটক জেস নিকোলাস তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে -- "সত্যিই মানুষের দুটি দিকই এটা তুলে ধরবে আপনার সামনে।" "একদিকে ধরণীর বুকে মানবসৃষ্ট সুন্দরের প্রতিমা আর অন্যদিকে সেই মানুষেরই অসুন্দরের বসতি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/২০৫০ ঘ.