২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ আগের চেয়ে আরও বেশি অপরাধী: কাস্ত্রো

গোপন নথিপত্র প্রকাশের উদ্যোগ নিয়ে অর্থাৎ, সিআইএর অতীত অপরাধের দলিলপত্র প্রকাশের মধ্য দিয়ে বর্তমানের আরও ভয়ংকর সব কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে বুশ প্রশাসন। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো এ অভিযোগ করেছেন। তিনি বলেন, তারা মানুষকে বোঝাতে চাইছে যে এগুলো ফেলে আসা যুগের কলাকৌশল। এখন আর আমরা এসব করছি না। কিউবার সরকারি পত্রিকায় রোববার প্রকাশিত সম্পাদকীয়তে কাস্ত্রো বলেছেন, সারা দুনিয়াজুড়ে এমনকি খোদ যুক্তরাষ্ট্রেই মারাত্মক সব অবৈধ ও অপরাধী তৎপরতা চালাচ্ছে সিআইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

হাভানা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- গোপন নথিপত্র প্রকাশের উদ্যোগ নিয়ে অর্থাৎ, সিআইএর অতীত অপরাধের দলিলপত্র প্রকাশের মধ্য দিয়ে বর্তমানের আরও ভয়ংকর সব কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে বুশ প্রশাসন। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো এ অভিযোগ করেছেন। তিনি বলেন, তারা মানুষকে বোঝাতে চাইছে যে এগুলো ফেলে আসা যুগের কলাকৌশল। এখন আর আমরা এসব করছি না। কিউবার সরকারি পত্রিকায় রোববার প্রকাশিত সম্পাদকীয়তে কাস্ত্রো বলেছেন, সারা দুনিয়াজুড়ে এমনকি খোদ যুক্তরাষ্ট্রেই মারাত্মক সব অবৈধ ও অপরাধী তৎপরতা চালাচ্ছে সিআইএ। সিআইএ'র পুরনো নথিপত্রে কাস্ত্রোকে হত্যার ষড়যন্ত্র ও কাস্ত্রোর মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট বুশের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই সম্পাদকীয় লেখেন কাস্ত্রো। 'দি কিলিং মেশিন' শিরোনামে তিন পৃষ্ঠার ওই সম্পদকীয়তে কাস্ত্রো লিখেছেন," ওইসব নথিপত্রে যা বলা হয়েছে সেসবের সবই এখনও চালিয়ে যাচ্ছে সিআইএ, তবে তা অবশ্যই আগের চেয়ে আরও অনেক বেশি বর্বরতার সঙ্গে এবং খোদ যুক্তরাষ্ট্রেই বহু অবৈধ কর্মকাণ্ড চালানোসহ বিশ্বজুড়েই এসব করছে তারা।" তিনি লিখেছেন,"আমার মনে হয়, এখন আর এসব কাজ হচ্ছে না - এগুলো ফেলে আসা সময়ের কলাকৌশল এমনটা বোঝানোর একটা চেষ্টা হতে পারে সিআইএ'র গোপন নথিপত্র প্রকাশ।" এর আগে বুশের মন্তব্যের প্রতিক্রিয়ায় কিউবার পার্লমেন্ট শুক্রবার অভিযোগ করে যে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ফিদেল কাস্ত্রোকে নিশ্চিহ্ন করে ফেলতে চান। সর্বসম্মতভাবে পাশ হওয়া এক প্রস্তাবে পার্লামেন্ট সদস্যরা বলেন, বুশের আচরণ থেকে এটা স্পষ্ট যে কিউবার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। পার্লামেন্টের এক অধিবেশনে ৫২৭ জন ডেপুটির উপস্থিতিতে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে,"বুশ প্রসাশনের আচরণ পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে কিউবার বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক আচরণ অব্যাহত রাখা।" ৮০ বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যু নিয়ে বুশের বেপরোয়া মন্তব্যের একদিন পরই পার্লামেন্টর এই প্রস্তাব পাশ হয়। গত সপ্তাহে রোড আইল্যান্ডের নিউপোর্টে যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে প্রেসিডেন্ট বুশ বলেন,"পরম ঈশ্বর নিশ্চয়ই একদিন ফিদেল কাস্ত্রোকে তুলে নেবেন।" কাস্ত্রোকে খুন করতে সিআইএ মাফিয়াদের ভাড়া করেছিল-- মার্কিন গোয়েন্দা সংস্থাটির এমন নথিপত্র প্রকাশের পরপরই একথা বলেন বুশ। বুশের মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্টদের পরিহাস করে এর আগে লেখা এক সম্পদকীয়তে কাস্ত্রো বলেছিলেন,"আমাকে হত্যার নির্দেশ দেওয়া বুশ ও অন্যান্য (মার্কিন) প্রেসিডেন্টদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে কেন বেঁচে আছি তা এখন বুঝতে পারছি আমি। কারণ পরম ঈশ্বরই আমাকে রক্ষা করেছেন।" কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকেই তাকে হত্যাসহ ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত অর্ধশতাব্দী ধরে কিউবা শাসন করে চলেছেন কাস্ত্রো। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে কাস্ত্রোর মেয়াদকালে এখন পর্যন্ত ১০ জন মার্কিন প্রেসিডেন্টের পালাবদল হয়েছে হোয়াইট হাউসে। এদের সবার চক্ষুশূল হয়ে, আমেরিকার কোলের মধ্যে বসে থেকেই সবাইকে মোকাবেলা করেছেন কাস্ত্রো। আগামী আগস্টে ৮১ বছর পূর্ণ করছেন ফিদেল কাস্ত্রো। গত জুলাইতে অন্ত্রের অস্ত্রোপাচারের পর সাময়িকভাবে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করলেও এখনো দেশটির সাংবিধানিক প্রধান তিনিই। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কিউবা শাসন করছেন রাউল কাস্ত্রো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.