২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১-১৩ জুলাই ইরানে যাচ্ছে আইএইএ পরিদর্শক দল

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে নানা প্রশ্নের সমাধান খুঁজতে ১১-১৩ জুলাইয়ে তেহরান সফরে যাচ্ছে আইএইএ'র অস্ত্র পরিদর্শকদল। ইরানের এক কর্মকর্তা শনিবার একথা বলেছেন। কিন্তু আইএইএ'র ইরানি দূত আলী আসগর সোলতানিয়ে আগেই জানিয়ে দিয়েছেন, এই সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা নির্ভর করবে তেহরানের ওপর বিশ্বের শক্তিধর দেশগুলোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকার ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 07:45 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

তেহরান, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে নানা প্রশ্নের সমাধান খুঁজতে ১১-১৩ জুলাইয়ে তেহরান সফরে যাচ্ছে আইএইএ'র অস্ত্র পরিদর্শকদল। ইরানের এক কর্মকর্তা শনিবার একথা বলেছেন। কিন্তু আইএইএ'র ইরানি দূত আলী আসগর সোলতানিয়ে আগেই জানিয়ে দিয়েছেন, এই সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা নির্ভর করবে তেহরানের ওপর বিশ্বের শক্তিধর দেশগুলোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকার ওপর। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও আরেক বক্তব্যে বলেছিলেন, " হুমকি-ধামকি কিংবা মনস্তাতিক লড়াই দিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি চালানো থেকে বিরত রাখা যাবে না।" ইরান কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদেনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে বলে দাবি করেছে। কিন্তু পশ্চিমাদের ধারণা এ কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এ সন্দেহের কারণে জাতিসংঘ ইরানে দুদফা নিষেধাজ্ঞাও আরোপ করেছে। অচিরেই ইরানে আরও নিষেধজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোলতানিয়ে বলেছেন, " ইরানের পরমাণু কর্মসূচিতে জাতিসংঘের হস্তক্ষেপ বন্ধ হওয়া দরকার।" নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন দেশগুলোর উদ্দেশ্যে সোলতানিয়ে বলেন, " ৫ শক্তিধর দেশের সঙ্গে আরও একটি দেশ (জার্মানি) ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে আমরা সব প্রশ্নের জবাব দিয়ে দেব।" তবে, ইরানের প্রধান পরমাণু আলোচক আলি লারিজানি ২২ জুনে আইএইএ প্রধান এলবারাদির সঙ্গে বৈঠকে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করতে রাজি হওয়ার পর ইরান আইএইএকে তাদের দেশে আমন্ত্রণ জানায়। আইএইএ একথা জানিয়েছে। ইরান আইএইএ প্রধানের সঙ্গে বৈঠকে নতুন কর্মপরিকল্পনা নিলেও তা এখনও বাস্তবায়ন করেনি। তবে ইরানের আমন্ত্রণের ভিত্তিতে কর্মপরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্যই তেহরানে যাচ্ছে আইএইএর পরিদর্শকদল। এতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আনেক প্রশ্নেরই উত্তর বেরিয়ে আসবে এবং সঙ্কটের জট খুলবে বলেই আশা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪০ঘ.