দুবাই, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওমানের 'ওরাইক্স অভয়ারণ্যকে' বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দিয়েছে ইউনেস্কো। বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণার পর এই প্রথম কোনো স্থানকে তালিকা থেকে বাদ দিল ইউনেস্কো। এ অভয়ারণ্য থেকে 'ওরাইক্স' কিংবা আরব্য বন্য ছাগলসহ বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির প্রাণী আশংকাজনকভাবে কমে যাওয়া এবং সেদেশের সরকারের এ অভয়ারণ্যকে সংকুচিত করে ফেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এ সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।
বিখ্যাত আরব্য বন্য ছাগলের বসতি হিসেবে ওমানের এই বনাঞ্চলকে ১৯৯৪ সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেওয়া হয়। কিন্তু জাতিসংঘের সংস্থাটি বলেছে, অবৈধ পশুহত্যা এবং পরিবেশ ধ্বংসের মাধ্যমে বন্যপ্রাণীদের বাসস্থান নষ্ট করে ফেলার কারণে আশংকাজনক হারে 'ওরাইক্সের' সংখ্যা কমে গেছে।
ইউনেস্কো এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯৬ সালে এই প্রজাতির বন্য ছাগলের সংখ্যা ছিল ৪৫০ টি কিন্তু বর্তমানে তা মাত্র ৬৫ টিতে এসে ঠেকেছে। এর মধ্যে মাত্র চার জোড়া ছাগল বংশ বৃদ্ধিতে সক্ষম, যা এই প্রজাতির ভবিষ্যত বৈচিত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য ও স্থাপনা সংরক্ষণ সনদের আওতায় 'বিশ্ব ঐতিহ্য' তালিকা থেকে এ অভয়ারণ্যকে বাদ দেওয়া সম্বন্ধে সেদেশের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ওই বিবৃতিতে বলা হয়েছে,"রাষ্ট্রটির সঙ্গে এক দীর্ঘ বৈঠক শেষে ইউনেস্কো পরিষদের মনে হয়েছে অভয়ারণ্যের আকার কমানো এবং হাইড্রোকার্বন প্রকল্প নিয়ে সরকারের পরিকল্পনার কারণে এই অভয়ারণ্যের গুরুত্ব কমে যাচ্ছে এবং তা এখানকার পরিবেশের বিন্যাস ধ্বংস করে দিচ্ছে। এ স্থানটি আরব্য 'গেজেল' ও 'হাউবারা বাস্টার্ডের' মতো বিলুপ্তপ্রায় প্রজাতির আবাস রয়েছে।
"কমিটি দুঃখ প্রকাশ করেছে যে দেশটি বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের নীতিমালা অনুযায়ী অভয়ারণ্য সংরক্ষণ করতে ব্যার্থ হয়েছে।"
শিকারের কারণে বিলুপ্তপ্রায় 'বন্য ছাগলের' সংখ্যা বাড়ানো ও তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ওমানের সুলতান কাবুস বিন সাইদ এর শাসনামলে ১৯৭৯ সালে এ অভয়ারণ্যটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮২০ ঘ.
bdnews24