২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরিই মধ্যপ্রাচ্য দূত হতে পারেন ব্লেয়ার

ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দূত নিয়োগ করা নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং রাশিয়ার মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। এর মধ্য দিয়ে ব্লেয়ারের মধ্যপ্রাচ্য দূত হওয়ার পথ পরিস্কার হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত ঘোষণা করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জেরুজালেম, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দূত নিয়োগ করা নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং রাশিয়ার মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। এর মধ্য দিয়ে ব্লেয়ারের মধ্যপ্রাচ্য দূত হওয়ার পথ পরিস্কার হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত ঘোষণা করা হতে পারে। গাজা হামাসের দখলে চলে যাওয়ার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নতুন করে শুরুর চেষ্টা করার গুরুদায়িত্ব ব্লেয়ারকেই দিতে চাইছে মধ্যস্থতাকারীরা। জেরুজালেমের মার্কিন কনস্যুলেটে ৪ পক্ষের প্রতিনিধিদের বৈঠকে নতুন মধ্যপ্রাচ্য দূতের ভূমিকা কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। ওয়াশিংটন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি নিয়ে আলোচনা শুরুর জন্য ইসরায়েলকে ইতোমধ্যেই চাপ দিচ্ছে। আব্বাসকে সাহায্য করতে মধ্যপ্রাচ্য দূত নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা চলার কথাও নিশ্চিত করে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে, হামাস কর্মকর্তা সামি আবু জুহরি বলছেন, "ব্লেয়ারের সঙ্গে আমাদের জনগণের অভিজ্ঞতা ভালো না। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ না করে জুহরি বলেন, ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত নিয়োগ করা হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।" কয়েকজন ইউরোপীয় কূটনীতিকও ফিলিস্তিনি এবং আরব জনগণের সমর্থন আদায়ে ব্লেয়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ইরাক যুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে ব্লেয়ার সহজে আরব সমর্থন নাও পেতে পারেন। অনেক আরবই বুশ প্রশাসনকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট বলে মনে করেন। কিন্তু ১০ বছর ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব থেকে বিদায়ের এই সময়ে ব্লেয়ার বারবার ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট নিরসনের চেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করতে দেওয়ার জন্য বুশকে অনুরোধ জানিয়েছেন। একে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ঘ.