২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের প্রতি শুভেচ্ছাস্বরূপ ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

প্রেসিডেন্ট আব্বাস ও তার ফাতাহ দলের প্রতি শুভেচ্ছার নিদর্শণ স্বরূপ ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট একথা বলেছেন। লোহিত সাগরের শার্ম এল শেখ অবকাশ কেন্দ্রে ফিলিস্তিনি প্রেসিডেন্টসহ আরব নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ওলমার্ট বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে 'সন্ত্রাসবাদীদের' সঙ্গে নয় 'উদারপন্থীদের' সঙ্গেই কাজ করতে আগ্রহী তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

শার্ম এল - শেখ, মিশর, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- প্রেসিডেন্ট আব্বাস ও তার ফাতাহ দলের প্রতি শুভেচ্ছার নিদর্শণ স্বরূপ ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট একথা বলেছেন। লোহিত সাগরের শার্ম এল শেখ অবকাশ কেন্দ্রে ফিলিস্তিনি প্রেসিডেন্টসহ আরব নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ওলমার্ট বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে 'সন্ত্রাসবাদীদের' সঙ্গে নয় 'উদারপন্থীদের' সঙ্গেই কাজ করতে আগ্রহী তিনি। চতুর্পক্ষীয় ওই বৈঠক শেষে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ওলমার্ট বলেন,"আমি আশাবদী যে এতো অস্থির সময়ের মধ্যেও আঞ্চলিক শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ ফসকে যেতে দেওয়ার কোনো পরিকল্পনা আমি করিনি।" তিনি বলেন,"ফিলিস্তিনিদের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে, আমি আজ ২৫০ জন বন্দিকে মুক্তি দেওয়ার আগ্রহের কথা জানাচ্ছি। এ বন্দিদের সবাই ফাতাহ সদস্য এবং এদের কারো হাতেই রক্তের দাগ নেই, এরা ভবিষ্যতে আর সন্ত্রাসবাদের জড়িত হবে না।" ওলমার্ট আরও বলেন, ফিলিস্তিনের করের অর্থ ছাড় করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পশ্চিম তীরে চলাচলের বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্র"তি রক্ষায় ভালোভাবেই কাজ করবে ইসরায়েল। এদিকে, প্রেসিডেন্ট আব্বাস বলেন,"একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে গুরুতর রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রী ওলমার্টের দিকে তাকিয়ে আছি আমি। আমার দুহাত ইসরায়েলি জনগণের জন্য প্রসারিত।" অন্যদিকে, হামাস নেতা সামি আবু জুহরি ওই চতুর্পক্ষীয় বৈঠকের সমালোচনা করে বলেন," (সম্মেলনটি) আমাদের জনগণকে আমাদেরই কাছ থেকে চুরি করা কিছু টাকা পয়সার কথা শোনানো ছাড়া এই বৈঠক নতুন কিছুই দেয়নি।" এর আগে সোমবার একটি ওয়েবসাইটে অপহৃত ইসরায়েলি সেনা গিলাদ শালিতের একটি অডিও টেপ প্রচার করা হয়। শালিত জরুরি ভিত্তিতে তার চিকিৎসা সহায়তা চান এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান ওই টেপে। হামাসের এক মুখপাত্র বলেন, শালিতকে মুক্ত করতে একটি সমঝোতায় পৌঁছাতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তা এখন ইসরায়েলের ওপর নির্ভর করছে। এর আগে শালিতের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানায় হামাস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ১৬০০ঘ.