প্যারিস, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সুদানের গোলযোগপূর্ণ দারফুর সঙ্কট নিরসন প্রশ্নে সমন্বিত উদ্যোগ নিতে সোমবার প্যারিস বৈঠকে একমত হয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইস।
এক সমাপনী সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কুচনা বলেন, বৈঠকে প্রতিনিধিরা দারফুরে আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথ শান্তিরক্ষা মিশনের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেইসঙ্গে খার্তুম সরকার এবং পশ্চিম সুদানের দারফুর বিদ্রোহীদের মধ্যে একটি ব্যাপকভিত্তিক রাজনৈতিক সমঝোতার চেষ্টা নিতেও বৈঠকের প্রতিনিধিরা একমত হয়েছেন।
বৈঠকে রাইস বলেন, এই বৈঠকের ফলে শীর্ষ দাতা দেশগুলোর প্রতিনিধিরা, বিশেষ করে শিল্পোন্নত দেশ জি-এইট এর প্রতিনিধিরা এবং সুদানের মিত্র দেশ চীন পরিস্থিতি মূল্যায়ন করে সঙ্কট সমাধানের পরিকল্পনা নিতে সক্ষম হবে।
তিনি সাংবাদিকদের আরও বলেন, "দারফুর সঙ্কট নিরসনে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতেই হবে। আর এটাই আজকের সম্মেলনের মূল চালিকা শক্তি হওয়া উচিত বলে আমি মনে করি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৬ঘ.
bdnews24