দুবাই, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- গাজায় অপহৃত বিবিসির প্রতিবেদক অ্যালান জনস্টন বলেছেন, অপহরণকারীদের ওপর চাপ প্রয়োগ করা হলে তাকে মেরে ফেলা হতে পারে। রোববার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় তিনি একথা বলেন। ভিডিওচিত্রে দেখা যায় তার কোমরে একটি বেল্ট বাঁধা আছে। জনস্টন জানান কোনো চাপ প্রয়োগ করা হলে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে ওই 'বিস্ফোরকভর্তি বেল্টের' বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অপহরণকারীরা।
জঙ্গিদের ব্যবহৃত একটি ওয়েব সাইটে রোববার ওই ভিডিওচিত্র প্রকাশ করে 'আর্মি অফ ইসলাম' নামের একটি ফিলিস্তিনি সংগঠন।
ভিডিওচিত্রে জনস্টন বলেন,"পরিস্থিতি এখন খুবই খারাপ। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটি 'বিস্ফোরকভর্তি বেল্ট' পরিয়ে রাখা হয়েছে। অপহরণকারীরা বলছে, ওই এলাকায় কোনা অভিযান চালানো হলে তারা এ বেল্টের বিস্ফোরণ ঘটাবে।"
জনস্টন বলেন,"এ অচলাবস্থা নিরসনে বলপ্রয়োগের কোনো কৌশল গ্রহণ না করতে হামাস মুভমেন্ট ও ব্রিটিশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমি। আমার এ আহ্বানে সমর্থন দেওয়ার জন্য বিবিসি সহ ব্রিটেনের অন্য সবাইকেও অনুরোধ করছি।"
বিবিসির এ গাজা প্রতিবেদক আরও বলেন,"সামরিক উপায়ে এ ঘটনার সুরাহা করতে হামাস ও ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের কারণে অত্যন্ত সম্ভাবনাময় একটি মধ্যস্থতা আলোচনা ভেঙ্গে গিয়েছে বলেও আমাকে জানিয়েছে অপহরণকারীরা।"
জনস্টন জানান, তাকে উদ্ধারের জন্য কোনো কৌশল গ্রহণ করা হলে তার অবস্থান পরিবর্তন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতে পারে বলে তাকে সতর্ক করে দিয়েছে তার জিম্মিকারীরা।
ভিডিওচিত্রটি কবে কোথায় ধারণ করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা নেই ওই ওয়েবসাইটে। ভিডিওচিত্রে দেখা যায় লাল সোয়েটার পরা জনস্টনের কোমরে সাদা ও নীল চেকের একটি মোটা বেল্ট পরিয়ে রাখা হয়েছে তাকে। তার কাঁধ থেকে কালো ফিতা দিয়ে ওই বেল্টটি বেঁেধ রাখা হয়েছে।
এর আগে ১৭ই জুন আর্মি অফ ইসলাম সংগঠনের এক মুখপাত্র ওয়েবসাইটে প্রকাশিত আরেক ভিডিওচিত্রে বলেছিলেন, জনস্টনের মুক্তির বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে। কিন্তু গ্র"পটিকে ফাঁদে ফেলা হলে তাকে মেরে ফেলারও হুমকি দেন তিনি।
বিবিসিরএ সাংবাদিককে মুক্তি দেওয়ার বিনিময়ে সন্ত্রাসবাদী সন্দেহে ব্রিটেনে আটক মুসলিম বন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছে আর্মি অফ ইসলাম সংগঠনটি। বিশেষ করে তাদের ধর্মগুরু আবু কাতাদাকে মুক্তি দেওয়া হলে জনস্টনকে মুক্তি দেওয়া হবে বলে জানায় তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24