জেরুজালেম, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জরুরি সরকারের জন্য রোববার কোটি কোটি ডলারের তহবিল মুক্ত করতে রাজি হয়েছে ইসরায়েল। গাজার নিয়ন্ত্রণ দখলকারী হামাসকে কোণঠাসা করতে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল।
২০০৬ সালে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় আসার পর ফিলিস্তিনের কর রাজস্বের এই তহবিল জব্দ করেছিল ইসরায়েল। আব্বাসের সঙ্গে মিশরে সোমবারের বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এই অর্থ মুক্ত করার ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।
আব্বাসের হাতকে শক্তিশালী করতে তাকে নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রাথমিক প্যাকেজ পরিকল্পনার আওতায় ইসরায়েল এ পদক্ষেপ নিচ্ছে।
ইসরায়েল পশ্চিম তীরের আব্বাস প্রশাসনকে তহবিল সরবরাহ করার পাশাপাশি গাজা দখলকারী হামাসকে অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে চায়।
ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, "ওলমার্টের মন্ত্রীসভা ৩৫০ মিলিয়ন ডলার ফিলিস্তিনে হস্তান্তর বিল অনুমোদ করেছে। তবে এই তহবিল আব্বাসের আবেদনকৃত তহবিলের চেয়ে কম। আব্বাস ৭০০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।"
ইসরায়েল মুক্ত তহবিল ধাপে ধাপে আব্বাসের জরুরি প্রশাসনকে দেবে। এই প্রক্রিয়া শুরু হলে এই অর্থ হামাসের কাছে না পৌঁছানোর নিশ্চয়তা চেয়েছে ইসরায়েল।
তহবিল মুক্ত করতে ইসরায়েলের রাজি থাকার খবর পাওয়া গেলেও এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাফেরার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে ইসরায়েল রাজি কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওলমার্ট সাংবাদিকদের বলেন, গাজায় যা ঘটেছে তার সুবিধা আমরা বিনয় এবং সাবধানতার সঙ্গেই গ্রহণ করার চেষ্টা নেব এবং এভাবে ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক পক্রিয়া শুরুর চেষ্টা চালাব।
কর রাজস্ব মুক্ত করা প্রসঙ্গে ওলমার্ট বলেন, "এ তহবিল ধীরে ধীরে নতুন ফিলিস্তিন সরকারের কাজে আসবে।"
উল্লেখ্য, হামাস গাজা দখলের পর থেকেই ইসরায়েল আব্বাসের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরুর কথা বলতে শুরু করেছেন। কিন্তু চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আশু আলোচনা শুরুর আব্বাসের আহ্বানে ওলমার্ট এখনও সাড়া দেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৮ঘ.
bdnews24