হায়দ্রাবাদ, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের অন্ধ্র প্রদেশের দক্ষিণ অঞ্চলে শুক্রবার এক প্রলয়ংকরী মৌসুমী ঝড়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। প্রবল ঝড়ের কারণে তৈরী হওয়া জলোচ্ছাসে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের অনেক ঘরবাড়ি ভেঙ্গে পড়ায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। সমুদ্রে মাছ ধরার নৌকাসহ বহু জেলে এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা শনিবার এসব কথা জানান।
অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার প্রীতি সুদান বলেন,"প্রায় ৫৬ হাজার মানুষের জন্য আমরা ৯৫ টির মতো ত্রাণ শিবির খুলেছি। এছাড়াও ২০০ জরুরি মেডিকেল টিম কাজ করছে পানিবাহিত রোগ মোকাবেলা করার জন্য।"
কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানান সরকারি কর্মকর্তারা। উপকূলে মাছ ধরা নৌকাসহ বহু জেলে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। নৌবাহিনীর কোস্টগার্ড সদস্যরা সমুদ্র উপকূলে উদ্ধার তৎপরতা
চালাচ্ছে।
রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণপূর্বে কুর্নুল নদীর ওপর একটি নির্মাণাধীণ সেতুর কাছে ১৫ ব্যক্তি প্রাণ হারান আকস্মিক বণ্যার পানিতে ভেসে গিয়ে। আরও প্রায় ১০/১২ জন প্রাণ নিহত হন বজ্রপাতে।
গুনতুরের মাচেরলা শহরের স্কুল শিক্ষক মুসারি ভেঙ্কেটেশওয়ারলু তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন রয়টার্সকে। তিনি জানান, " বন্যার পানিতে আমার সব ঘরদোর ডুবে যাওয়ায় সারা রাত আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ছাদে রাত কাটিয়েছি।"
ওই এলাকায় শত শত গাছপালা উপড়ে গেছে এবং বহু বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলেও তিনি জানান।
আগামী ২৪ ঘন্টাজুড়ে ওই এলাকায় আরও ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইতে পারে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০০ঘ.
bdnews24