গুয়াহাটি, ভারত, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অসমের গুয়াহাটিতে শনিবার একটি জনবহুল বাস স্ট্যান্ডে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনের ঘণ্টাখানেক আগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। তবে দেশী বিদেশী খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এশিয়ান এ্যাথলেটিক্স এসোসিয়েশন আয়োজিত এ ক্রীড়ানুষ্ঠানে যোগদানের জন্য এশিয়ার ১৯ টি দেশের ২০০ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা এ প্রদেশের প্রধান শহর গুয়াহাটিতে জড়ো হয়েছেন।
গুয়াহটি পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন,"হামলার শিকার বেশীরভাগ লোকই সবজি বিক্রেতা ও ব্যবসায়ী। আমরা এখনও চারটি লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বোমাটি জনবহুল একটি বাস স্ট্যান্ডের কাছে একটি সবজির ঝুড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। এ জায়গায় প্রতিদিন সকালে কাছের গ্রামগুলো থেকে কৃষকরা তাদের উৎপাদিত পন্য বিক্রির জন্য আসে।
বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (ইউএলএফএ) এ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 'উলফা' অনেকদিন থেকেই তেল ও চা সমৃদ্ধ এই প্রদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
ফেব্র"য়ারি মাসে অসমে অনুষ্ঠিত ভারতের অন্যতম বড় ক্রীড়ানুষ্ঠান 'জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা' নস্যাত করার হুমকি দিয়েছিল উলফা।
উলফা যদিও এ এশিয়ান ক্রীড়ানুষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি দেয়নি কিন্তু তাদের ভাষ্য অনুসারে অসমকে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করার জন্যই নয়াদিল্লী এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
১৯৭৯ সাল থেকে বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতায় অসমে ২০ হাজারেরও বেশী লোক নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/ এএমটি/১৪২৭ ঘ.
bdnews24