বাগদাদ, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকে এ যাবৎকালের সবচে বড় অভিযানে নামা মার্কিন বাহিনী আল-কায়েদা জঙ্গিদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। শত শত আল-কায়েদা জঙ্গি মার্কিন-ইরাকি বাহিনীর বিরুদ্ধে মরনপণ লড়াইয়ে নামতে প্রস্তুত হয়ে আছে। এক মার্কিন জেনারেল শুক্রবার একথা বলেছেন।
জঙ্গিরা বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তরের বাকুবা শহরে অবস্থান নিচ্ছে। মার্কিন বাহিনীর জেনারেল বেডনারেক জানান, কয়েকশ' আল কায়েদা জঙ্গি বাকুবায় জড়ো হয়েছে। তাদেরকে এখান থেকে হটানো মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত বিপজ্জনক। এতে অনেক সময়ও লাগবে।
রয়টার্স ও অন্য সংবাদ সংস্থাকে বেডনারেক বলেন,"জঙ্গিরা এখান থেকে নড়বে না। তারা আমৃত্যু লড়াই করতেই এখানে এসেছে।" তাছাড়া ইরাকে বহু বাড়ীকে আল-কায়েদা জঙ্গিরা তাদের নিরাপত্তার জন্য কাজে লাগিয়েছে বলেও বেডনারেক উল্লেখ করেন। তিনি বলেন, বাড়ীগুলোর পুরো কাঠামোই বিস্ফোরক দিয়ে ঠাসা।
দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় ১০ হাজার সেনা নিয়ে মঙ্গলবার থেকে সবচে বড় জঙ্গি দমনাভিযানে নেমেছে মার্কিন-ইরাকি বাহিনী। বাড়ীতে বাড়ীতে, রাস্তায় রাস্তায়, খালে-বিলে সবখানে চলছে এই অভিযান।
শুক্রবারের অভিযানে মার্কিন বাহিনী খালিস শহরের উপকন্ঠে ১৭ জন জঙ্গিকে হত্যা করেছে। এ নিয়ে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়াল ৬৮ জনে।
মার্কিন বাহিনী জানায়, নিহতদের হাতে অস্ত্র ছিল এবং তারা পুলিশ প্রহরাস্থলের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। মার্কিন কর্মকর্তারা ইরাকে গাড়ী বোমা হামলা ও অন্যান্য সহিংস ঘটনার জন্য সুন্নি আল-কায়েদাদের দায়ী করেছেন। ইরাকে পুরোদস্তুর গৃহযুদ্ধ উস্কে দেয়াই তাদের উদ্দেশ্য বলে তিনি অভিযোগ করেন।
মঙ্গলবার জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ৮৭ জন নিহত হয়েছে। বাকুবা আল-কায়েদা জঙ্গিদের উৎসস্থল। ফেব্র"য়ারিতে মার্কিন ইরাকি বাহিনী বাগদাদে জঙ্গি দমনাভিযান জোরদার করার পর থেকেই এই বাহিনীর ওপর জঙ্গি হামলা অনেক বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৮ঘ.
bdnews24