২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে বিপাকে নাসা

মাহাকাশযান আটলান্টিস ও তার সাত নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য সবরকম প্রস্তুতি সত্ত্বেও খারাপ আবহাওয়ায় বিপাকে পড়েছে নাসা। নাসা বলেছে, এখন আবহাওয়াই বলে দেবে আটলান্টিস ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে অবতরণ করবে কিনা। নাসা আরও জানায়, রোববার পর্যন্ত মহাকাশে থাকার মতো পর্যাপ্ত জ্বালানি ও রসদ মজুদ আছে আটলান্টিসের। তারপরও শিগগিরিই একে ফিরিয়ে আনতে চান তারা। তবে উড্ডয়নের মতো অবতরণ নিয়ে সমস্যা হলেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নির্মাণ কাজের মিশন ভালভাবেই শেষ করেছেন আটলান্টিস নভোচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

হিউস্টন, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- মাহাকাশযান আটলান্টিস ও তার সাত নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য সবরকম প্রস্তুতি সত্ত্বেও খারাপ আবহাওয়ায় বিপাকে পড়েছে নাসা। নাসা বলেছে, এখন আবহাওয়াই বলে দেবে আটলান্টিস ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে অবতরণ করবে কিনা। নাসা আরও জানায়, রোববার পর্যন্ত মহাকাশে থাকার মতো পর্যাপ্ত জ্বালানি ও রসদ মজুদ আছে আটলান্টিসের। তারপরও শিগগিরিই একে ফিরিয়ে আনতে চান তারা। তবে উড্ডয়নের মতো অবতরণ নিয়ে সমস্যা হলেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নির্মাণ কাজের মিশন ভালভাবেই শেষ করেছেন আটলান্টিস নভোচারীরা। বৃহস্পতিবার আটলান্টিসকে ফিরিয়ে আনতে ব্যর্থতার পর জনসন স্পেস সেন্টার থেকে নাসার মাহকাশযান সমন্বয়কারী টনি অ্যানটোনেলি শুক্রবারে আবারও এটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। ফ্লোরিডার স্থানীয় সময় ২টা ১৮ মিনিটে (গ্রিনিচ সময় ১৮১৮) আটলান্টিসকে অবতরণ করানোর চেষ্টা চলছে। এদিকে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী শুক্রবারও ফ্লোরিডাতে খারাপ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। তাই কেনেডিতে আটলান্টিসের অবতরণ অনিশ্চিত হয়ে পড়লে বিকল্প ব্যবস্থা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ারফোর্স বেজকে। আর এ দুই স্থল স্টেশনের কোনোটিতেই অবতরণ করানো সম্ভব না হলে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আটলান্টিসকে। তখন চেষ্টা করা হবে একে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে নামানোর। নাসার ফ্লাইট পরিচালক নর্ম নাইট বলেন, "শনিবারেও যদি আমরা অবতরণ করতে না পারি তাহলে তিনটি ভূ-স্টেশনের সবকটিকেই একসঙ্গে প্রস্তুত রাখা হবে। আর আর এমন কিছু ঘটলে এটা হবে যাকে বলে 'জরুরি অবস্থার চূড়ান্ত।" উড্ডয়নের সময় থেকেই বিপাকে আছে এবারের আটলান্টিস অভিযান। মার্চ মাসের আট তারিখে এ যাত্রার দিনক্ষণ ঠিক থাকলেও প্রবল ঝড়ে এর বাইরের ফুয়েল ট্যাংকারের ক্ষতি হওয়ায় ওই তারিখ বাতিল হয়ে যায়। এরপর পেছাতে ফেছাতে অবশেষে জুনের ৮ তারিখে রওনা দেয় আটলান্টিস। মিশন ছিল ১১ দিনের। কিন্তু মাহাকাশে যানটির 'হিট শিল্ডের' একটা ব্লাঙ্কেটে গোলযোগ দেখা দিলে ফিরতি যাত্রা পেছানো হয় আরও দুদিন। আর এখন খারাপ আবহাওয়ায় পৃথিবীতে নামতে না পেরে মহাকাশে ঘুরপাক খাচ্ছে আটলান্টিস। তবে ওঠানামায় যতো সমস্যাই হোক আন্তর্জাতিক মাহাকাশ স্টেশনের ১৭ টন ওজনের ধাতব অংশটি সংযোজনের কাজে পুরোপুরি সফল হয়েছে আটলান্টিস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৯০০ঘ.