কাবুল, জুন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- আফগানিস্তানের তালেবান জঙ্গিরা কাবুলকে তাদের হামলার লক্ষ্যস্থল করছে। কাবুলে আরও বেশি হামলা চালানোর জন্য কৌশল পরিবর্তন করছে তারা। তালেবানদের এক মুখপাত্র একথা বলেছেন।
মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ন্যাটো বাহিনী বহু তালেবান জঙ্গি ও তাদের নেতাদের হত্যা করলেও তালেবানরা আবারও পুনসংগঠিত হচ্ছে। কিন্তু তাছাড়া আরও বহু মানুষ সেচ্ছায়ও বোমা হামলা চালাতে আসছে।
গত রোববার কাবুলে পুলিশ বাসস্টেশনে হামলায় নিহত হয়েছে ৩৫ জন। ২০০১ সালের পর কাবুলে এটি ছিল সবচে বড় হামলা।
মুজাহিদ বলেন, "কাবুল তালেবানদের পরবর্তী হামলার প্রধান লক্ষ্যস্থল। বহু মানুষ সেচ্ছায় আত্মঘাতী বোমা হামলা চালাতে আমাদের দলে ভিড়ছে। আর একথাও সত্য যে আমরা কাবুলের ওপর চাপ বাড়াচ্ছি। কারণ কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী এবং এটি বিদেশি সেনাদের অবস্থান কেন্দ্র।"
তিনি আরও বলেন, "দেশের স্বাধীনতা ও মুক্তিই তালেবানদের লক্ষ্য। আর তারা ইরাকি বিদ্রোহীদের মতো একই কৌশল ব্যবহার করছে। মানুষ দলে দলে আত্মঘাতী বোমা হামলা চালাতে বোমাকেন্দ্রে ভিড় জমাচ্ছে। স্রোত এখন উল্টো দিকে বইছে। এ স্রোত বইছে আমাদের অনুকূলে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮ঘ.
bdnews24