বৈরুত, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাহর আল বারেদ শরণার্থী শিবিরে একমাসব্যাপী সেনা-জঙ্গি সংঘর্ষ বন্ধে লেবাননের সেনাবাহিনীকে একটি শান্তি পরিকল্পনা দিয়েছেন ফিলিস্তিনি মধ্যস্থতাকারীরা।
ফিলিস্তিনি মুসলিম ধর্মগুরুদের একটি মধ্যস্থতাকারী দল শরণার্থী শিবিরের ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে বৈঠকের পর ওই শান্তি পরিকল্পনা তৈরি করেন।
পরিকল্পনাটি নিয়ে লেবাননের সেনা গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকের পর মধ্যস্থতাকারী দলের সদস্য শেখ মোহাম্মদ আল হাজ রয়টার্সকে বলেন, "আশা করি এ পরিকল্পনায় আমরা অবিলম্বে ইতিবাচক সাড়া পাব।"
শেখ মোহাম্মদ পরিকল্পনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অনীহা প্রকাশ করেন। তবে ফিলিস্তিনি একটি রাজনৈতিক সূত্র মঙ্গলবার বলেছে, ওই শান্তি পরিকল্পনায় ফাতাহ আল ইসলাম জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে মূলধারার ফিলিস্তিনি দলগুলো থেকে একটি নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে।
লেবাননের সেনাদের সঙ্গে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের এক মাসব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে সেনা মারা গেছে ৭৪ জন, জঙ্গি নিহত হয়েছে ৫৭ জন এবং সাধারণ মানুষ নিহত হয়েছে ৩২ জন।
লেবানন সরকার ফাতাহ আল ইসলাম জঙ্গিদের আত্মসমর্পণ দাবি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.
bdnews24